ব্রাজিল কোচ আনচেলত্তির ‘মাস্টার ক্লাস’ ও নেইমার প্রসঙ্গে খোলামেলা কথা
ব্রাজিল কোচ আনচেলত্তির মাস্টার ক্লাস ও নেইমার প্রসঙ্গে খোলামেলা কথা

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবলবোদ্ধা সমর্থকদের সমালোচনা ও প্রশংসা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ফোলিয়া দে সাও পাওলো’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর চেয়ে বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের আছে।

আনচেলত্তির অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস

৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেন, ‘আমি ফুটবল বুঝি কি বুঝি না, তা আমার জানা নেই। তবে আমি ফুটবল বুঝি কি না, সেই বিচার করার অধিকারও কারও নেই। একটা বিষয় নিশ্চিত—আমি ১ হাজার ৪০০-এর বেশি ম্যাচের কৌশল সাজিয়েছি। ফুটবলকে পুরোপুরি বোঝার জন্য হয়তো এটাও যথেষ্ট নয়, তবে অভিজ্ঞতা হিসেবে মন্দ নয়! আর এই গ্রহে কেবল একজন মানুষেরই আমার চেয়ে বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে; তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি দুই হাজারের বেশি ম্যাচে ডাগআউটে ছিলেন। সবার পরামর্শ আমি অবশ্যই মাথা পেতে নিই, তবে আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধুই অ্যালেক্স ফার্গুসন।’

ব্রাজিলিয়ানদের সম্পর্কে মূল্যায়ন

ব্রাজিলিয়ানদের প্রকৃতি সম্পর্কে জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘আমি এবারই প্রথম কার্নিভ্যালে গিয়েছিলাম। ব্রাজিলিয়ানরা আসলে কেমন, এই উৎসবটিই তার নিখুঁত উদাহরণ। তারা ভীষণ আনন্দপ্রিয়, একতাবদ্ধ, সুশৃঙ্খল এবং একই সঙ্গে অত্যন্ত বিনয়ী। আজ পর্যন্ত কোনো অহংকারী ব্রাজিলিয়ানের মুখোমুখি আমি হইনি। সত্যি বলতে, এমনটা মেলা ভার। আমার টেকনিক্যাল স্টাফ, ডাক্তার, ফিজিওথেরাপিস্টদের অনেকেই ব্রাজিলিয়ান। তাদের কেউই অহংকারী নন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নরওয়ের বিপক্ষে ম্যাচ ও নেইমার প্রসঙ্গ

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচ নিয়ে কোচ বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই কঠিন। নকআউট পর্বে কৌশল বা টেকনিকের চেয়েও বড় হয়ে ওঠে মানসিক দৃঢ়তা। নরওয়ে ভালো দল, ওদের ভালো খেলোয়াড় আছে। হলান্ড এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কাজটা সহজ হবে না, তবে আমরা আত্মবিশ্বাসী যে একটা দারুণ ম্যাচ উপহার দেব।’

নেইমারকে নিয়ে জল্পনার জবাবে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, ও ৯০ মিনিটই খেলতে পারবে। এতে সন্দেহ নেই। তবে ও কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলার সুযোগ নেই। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই ও মাঠে নামবে।’

নেইমার বেঞ্চে বসে অসন্তুষ্ট হন কি না, এমন প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘ও বেঞ্চে বসে সুখী নয়, এটাই স্বাভাবিক। কিন্তু ও আচরণ করছে ভীষণ পেশাদারদের মতো। অনুশীলনে ও দুর্দান্ত। নেইমার সবাইকে ভীষণ শ্রদ্ধা করে, ও অত্যন্ত অমায়িক এবং সতীর্থদের কাছে দারুণ জনপ্রিয়। ও দলের অন্যতম চালিকা শক্তি, কারণ ওর পায়ে যেমন জাদু আছে, মানুষ হিসেবে ও তেমনই বিনয়ী। আমি ওকে নিয়ে দারুণ সন্তুষ্ট। আর ও যে খেলতে চাইবে, সেটা তো বলাই বাহুল্য। ও কখনো এসে মুখ ফুটে বলে না যে আমি খেলতে চাই, কিন্তু ওর শরীরী ভাষাতেই সেটা স্পষ্ট। আর এটা ইতিবাচক লক্ষণ। একজন খেলোয়াড় বেঞ্চে বসে সন্তুষ্ট থাকলে সেটাই বরং চিন্তার বিষয় হতো!’