২০২৬ ফুটবল বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা জেগেছে। নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দুই লাতিন পরাশক্তি। বর্তমান নকআউট সূচি অনুযায়ী, ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাব্য মঞ্চ হতে পারে সেমিফাইনাল।
গ্রুপ পর্বের পারফরম্যান্স
আর্জেন্টিনা গ্রুপ 'জে'-তে চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ উঠেছে। লিওনেল স্কালোনির শিষ্যরা প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ 'এইচ'-এর রানার্সআপ দল।
অন্যদিকে ব্রাজিল গ্রুপ 'সি'-তে শীর্ষস্থান নিশ্চিত করেছে। কার্লো আনচেলত্তির দল শুরুতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপসেরা হয় সেলেসাওরা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ 'এফ'-এর রানার্সআপ—নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মধ্যে কোনো একটি দল।
নকআউট পথের বাধা
সেমিফাইনালে মুখোমুখি হতে হলে দুই দলকেই পেরোতে হবে শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের কঠিন ধাপ। বর্তমান সূচি অনুযায়ী তারা টুর্নামেন্টের ভিন্ন অংশে অবস্থান করছে।
হেড টু হেড পরিসংখ্যান
ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরিসংখ্যানে সামান্য এগিয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা জিতেছে ৪১টি ম্যাচ, ব্রাজিলের জয় ৩৯টি, আর ২৬টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। সাম্প্রতিক সময়েও এই ঐতিহ্যবাহী লড়াইয়ে কিছুটা আধিপত্য ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, নকআউটের বাধা পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ উপহার দিতে পারে কি না দুই চিরপ্রতিদ্বন্দ্বী।



