জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তা করে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এমন ঘটনা ঘটে।
জাকের আলি অনিকের প্রতিক্রিয়া
এ ঘটনায় জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার জাকের আলি অনিক ফেসবুক পোস্টে লিখেছেন, 'স্যার আপনার জন্য একটা হরিণ নিয়ে এসেছি। আপনারা মানুষ হবেন কবে। নাইম হাসানের জায়গায় সাধারণ একজন মানুষ থাকলে তার কী পরিনতি হতো শুধু একটু চিন্তা করেন। এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সঙ্গে যে জড়িত তার কঠোর শাস্তির দাবি জানাই।'
বিসিবির পদক্ষেপ
নাঈমের পর্যবেক্ষণে ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের দুই সদস্য। তাদের মধ্যে একজন ডাক্তার এবং একজন ফিজিও রয়েছেন। তারা নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং পর্যবেক্ষণ করবেন। যেহেতু সামনে টেস্ট সিরিজ রয়েছে তাই নাঈমকে পর্যবেক্ষণে রাখা।
বিসিবির বিবৃতি
বিসিবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, 'একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং মনে করে, এ ধরনের ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বোর্ড আশা করছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'



