আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যদের দেওয়া হয় ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজিপি ব্যাজ। চলতি বছর পুলিশের ৩৪১ জন কর্মকর্তা ও সদস্যকে এই মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠান
এবারের পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আগামী ১০ মে অনুষ্ঠিত হবে আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠান। সেখানে আইজিপি মো. আলী হোসেন ফকির পদকপ্রাপ্তদের এই ব্যাজ পরিয়ে দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
মনোনয়নের মানদণ্ড
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষ ও জনবান্ধব পুলিশিং, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সরকারি ও ব্যক্তিগত দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার মতো অবদানের ভিত্তিতে সদস্যদের আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়।
এছাড়া অপরাধ দমন, চাঞ্চল্যকর ঘটনার তদন্তে সাফল্য, মানবিক সহায়তা এবং পেশাগত সততা ও দক্ষতার মূল্যায়নও নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়। আইজিপি ব্যাজপ্রাপ্ত সদস্যরা ব্যাজের পাশাপাশি এককালীন নগদ অর্থ (টোকেন মানি) পান।
বাছাই কমিটি
পদক ও আইজিপি ব্যাজ দেওয়ার জন্য একটি বাছাই কমিটি গঠন করা হয়। এই কমিটি যাচাই-বাছাই শেষে যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচন করে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “সদস্য ও কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা ও মনোবল বাড়াতে আইজিপি ব্যাজ দেওয়া হয়।”



