দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের মুখে অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ডে 'কাঠামোগত সংস্কার' আনার লক্ষ্যে এটি একটি সাময়িক পদক্ষেপ।
শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও গত কয়েক বছর নানান অনিয়ম ও দুর্নীতির কারণে সংবাদের শিরোনাম হয়েছিল। এমনকি বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩-২৪ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার সদস্যপদ দুই মাসের জন্য স্থগিতও করা হয়েছিল।
দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, 'আজ থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে।' ক্রিকেটের বর্তমান সংকট নিরসন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুতই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
সরকারের এই সরাসরি হস্তক্ষেপের পর মঙ্গলবার এসএলসি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাম্মি সিলভা। যিনি চার মেয়াদে লঙ্কান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে পুরো কমিটিই পদত্যাগ করেছে। এরপরই বোর্ডের সাময়িক নিয়ন্ত্রণ নেয় দেশটির সরকার।
দেশটির সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, সাবেক বিনিয়োগ ব্যাংকার ও বিরোধীদলীয় রাজনীতিবিদ এরান বিক্রমরত্বেকে বোর্ডের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।



