অর্থনীতিবিদদের পূর্বাভাস বলছে, আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনকে কাঁদিয়ে ট্রফি উঁচিয়ে ধরবে ফ্রান্স। রয়টার্সের এক জরিপে বিশ্বের নামীদামি ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। তাঁরা জানান, মূল্যস্ফীতির কঠিন হিসাব কষার চেয়েও কঠিন বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীর নাম বলা।
ফ্রান্সের পক্ষে ঐক্য
অর্থনীতিবিদদের গাণিতিক মডেল ও মনের সহজাত অনুভূতি এবার এক সুরে গাইছে ফরাসিদের পক্ষে। ৩৫ শতাংশ ভোট পেয়ে ফ্রান্স শীর্ষে, ৩১ শতাংশ পেয়ে স্পেন দ্বিতীয়। বাকি তিনটি নাম আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।
দিদিয়ের দেশমের রেকর্ড
যদি ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ইতালির ভিত্তোরিও পোজ্জোর পর দ্বিতীয় কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। একই সঙ্গে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার পর আবারও কোচ হিসেবে ট্রফি ছোঁয়ার রেকর্ডও হবে তাঁর।
ব্রাজিলের হতাশা
প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদের চোখে এবার ব্রাজিলের কপালে জুটছে 'সবচেয়ে বড় হতাশাজনক পরাশক্তি'র তকমা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর ভরসা রাখতে পারছেন না বিশ্লেষকেরা। ব্রাজিলের পেছনেই আছে ইংল্যান্ড ও জার্মানি।
এমবাপ্পে ও কেইনের লড়াই
কিলিয়ান এমবাপ্পে 'গোল্ডেন বল' আর 'গোল্ডেন বুট' জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। তাঁর পেছনেই হ্যারি কেইন। বিশ্বকাপে এমবাপ্পের গোল ১২টি, কেইনের ৮টি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ভাঙার দৌড়ে লিওনেল মেসির (১৩ গোল) সঙ্গে আছেন তাঁরাও।
অর্থনীতিবিদদের মন
জরিপে অংশ নেওয়া ৮ শতাংশ অর্থনীতিবিদ দেশের প্রতি অন্ধ ভালোবাসায় দল পছন্দ করেছেন। যেমন দুজনের চোখে চ্যাম্পিয়ন জাপান, একজন মেক্সিকো আর একজনের ভোট পড়েছে মরক্কোর বাক্সে। ৭৩ শতাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন, তাঁরা মনের সহজাত অনুভূতি থেকে অনুমান করেছেন। বাকি ২০ শতাংশ কঠিন ডেটা ও গাণিতিক মডেলের ওপর নির্ভর করেছেন।
ডার্ক হর্স ও উদীয়মান তারকা
আন্ডারডগ বা কালো ঘোড়া হিসেবে ২১ শতাংশ ভোট নিয়ে সবার আগে আর্লিং হলান্ডের নরওয়ে। ১৫ শতাংশ ভোট নিয়ে জাপান। উদীয়মান তারকা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন স্পেনের ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। 'গোল্ডেন গ্লাভস' জয়ের লড়াইয়ে ফেবারিট ফ্রান্সের মাইক মাইনিয়, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ও স্পেনের উনাই সিমন।
ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপটি হতে যাচ্ছে ৪৮টি দলের, ম্যাচ হবে মোট ১০৪টি। আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।



