বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (২ জুন) সকালে নিউ জার্সির উদ্দেশে দেশ ছেড়েছে সেলেসাওরা। বিশ্ব মঞ্চে যাওয়ার আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তির নাতি-নাতনির বার্তা
যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিশেষ একটি বার্তা পান আনচেলত্তি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও'গ্লোবো প্রকাশিত এক ভিডিওতে আনচেলত্তির নাতি-নাতনিরা তাকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানায়। শিশুদের তখন বলতে শোনা যায়, ‘দাদু, বিশ্বকাপে শুভকামনা। আমরা তোমাকে ভালোবাসি।’ শিরোপা জয়ের আবদার করে তারা তখন বলে, ‘স্পেন ও ফ্রান্সকে হারাতে হবে। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’
আবেগাপ্লুত কোচ
নাতি-নাতনিদের এমন ভালোবাসার বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আনচেলত্তিও। এ সময় অশ্রুসিক্ত হন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। ভিডিও চলাকালে চোখ মুছতে দেখা যায় তাকে। পরে অশ্রুভেজা চোখে ইতালিয়ান এই কোচ বলেন, ‘পরিবারের কথা বললে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।’
ব্রাজিলের বিশ্বকাপ গ্রুপ
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ২০ জুন ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।



