সিলেটে জুনে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু, ১২ জন পথচারী
সিলেটে জুনে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু

সিলেটে গত জুন মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ১২ জনই পথচারী। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনার এই চিত্র প্রকাশ করেছে।

দুর্ঘটনার কারণ ও পরিসংখ্যান

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে পথচারীদের সচেতনতার অভাব, অতিরিক্ত গতি, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়েছে। নিসচার তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কিছুটা কমেছে। গত মে মাসে বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছিলেন, আর জুন মাসে ২৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩৬ জন।

জেলাভিত্তিক প্রাণহানি

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, জুন মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায় এবং সবচেয়ে কম সিলেট জেলায়। জুন মাসে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিসচার বিবৃতি

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে নিহতদের মধ্যে ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি দুর্ঘটনায় ৯ জন চালক এবং ১২টি দুর্ঘটনায় ১২ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।