কাবাডি ফেডারেশনের বাজেট অনুমোদন, সাড়ে পাঁচ কোটি টাকা
কাবাডি ফেডারেশনের বাজেট অনুমোদন, সাড়ে পাঁচ কোটি টাকা

কাবাডি ফেডারেশনের নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা বুধবার (৩ জুন) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় ক্রীড়াপঞ্জি ও বাজেট পেশ করেন। দীর্ঘ আলোচনার পর ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত এই বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে জাতীয় দলের খেলোয়াড়দের আন্তর্জাতিক এক্সপোজার বৃদ্ধির জন্য। এ বছর পাকিস্তান, চাইনিজ তাইপে (পুরুষ ও নারী) এবং নেপালের বিপক্ষে বেশ কয়েকটি হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, পরিস্থিতির প্রয়োজনে সময় বা প্রতিপক্ষ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও এই বছর টেস্ট ম্যাচগুলো আয়োজনে ফেডারেশন বদ্ধপরিকর। এছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক অন্যান্য সব আসর মিলিয়েই এই সাড়ে ৫ কোটি টাকার বাজেট সাজানো হয়েছে।

সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫ (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা বিভাগ) এ ব্রোঞ্জ পদক বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের ঘোষিত ১০ লাখ টাকার বিশেষ সম্মানি ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভাপতি নিজেই উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এই অর্থ তুলে দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের কাবাডিকে আরও তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য গোপালগঞ্জে অ্যাকাডেমি নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। অ্যাকাডেমি পরিচালনার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যেখানে কাবাডি ফেডারেশনের সহ সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। এই কমিটি একাডেমির সার্বিক কার্যক্রম সুপারভিশন, মাঠ পরিদর্শন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

কাবাডির সার্বিক অবকাঠামোগত ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশনের পক্ষ থেকে খুব শীঘ্রই ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে একটি বিশেষ বৈঠক করা হবে এবং সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার আবেদন জানানো হবে।