বাংলাদেশ নারী হকি দলের ইতিহাসের প্রথম ম্যাচ ড্র
বাংলাদেশ নারী হকি দলের ইতিহাসের প্রথম ম্যাচ ড্র

ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের বাছাইপর্বে চায়নিজ তাইপের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ নারী হকি দল। বাংলাদেশ হকি ফেডারেশনের জন্য এটি শুধু একটি ম্যাচই নয়, বরং দেশের হকিতে লেখা হয়েছে এক নতুন ইতিহাস। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের পুরুষ জাতীয় হকি দল আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করলেও নারী দলের সূচনা হলো আজ। জাকার্তার জিবিকে হকি মাঠে চায়নিজ তাইপের বিপক্ষে ৫–৫ গোলে ড্র করে আন্তর্জাতিক হকিতে নিজেদের শুরুটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের নারীরা।

ম্যাচের বিবরণ

বিশ্ব হকির র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ চায়নিজ তাইপে ৫৫তম স্থানে থাকলেও বাংলাদেশ নারী দল আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলায় র্যাঙ্কিংয়ে নাম লেখাতে পারেনি। তবে খেলার ধরনে মনে হয়নি চায়নিজ তাইপে শক্তিমত্তায় খুব একটা এগিয়ে। প্রথম কোয়ার্টারেই দুই দলের লড়াই জমে ওঠে। একের পর এক আক্রমণ করে অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন আইরিন আক্তার।

প্রথমার্ধের লড়াই

১ মিনিট পরই পাল্টা আক্রমণে গোল হজম করে বাংলাদেশ। তাতে অবশ্য দমে যায়নি দল। দশম মিনিটে চমৎকার এক গোছানো আক্রমণে আরেকটি পেনাল্টি কর্নার পেয়ে তা থেকে বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুটা ভালো খেললেও শেষটা খারাপ করে বাংলাদেশ। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করে অর্পিতা দলের স্কোরলাইন ৩–১ করেন। অন্যদিকে সুযোগ খুঁজতে থাকে চায়নিজ তাইপে। শেষ পর্যন্ত ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক পেয়ে দ্বিতীয় গোলটি করেন পেই শান। ২৯ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল হজম করলে ম্যাচের স্কোরলাইন ৩–৩ হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়ার্ধের প্রতিদ্বন্দ্বিতা

সমতায় থেকে প্রথম ৩০ মিনিট শেষ হওয়ায় বাকি ৩০ মিনিটের খেলা হয়ে যায় এক ধরনের নতুন লড়াই। দুই দলই গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করতে থাকে। তবে ৩৪ মিনিটের এক পেনাল্টি কর্নার বাংলাদেশের জন্য সর্বনাশ ডেকে আনে। চতুর্থ গোল করেন চায়নিজ তাইপের হুয়াং টিং। তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। কিন্তু ৩৬ মিনিটে পঞ্চম গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যাচ্ছিলেন অর্পিতারা। ৪০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোল নতুন আশা দেখায় বাংলাদেশকে। শেষ কুড়ি মিনিটে সবার চোখেমুখেই ছিল ম্যাচে ফেরার আত্মবিশ্বাস। ৪৪ মিনিটে অর্পিতা পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। কিন্তু শেষ ১৬ মিনিটে একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।

গ্রুপের বাকি ম্যাচ

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও উজবেকিস্তান। আগামীকাল উজবেকিস্তান ও ২৬ এপ্রিল হংকং নারী দলের বিপক্ষে ম্যাচ রয়েছে মেয়েদের। আট দলের এই টুর্নামেন্টে শীর্ষ চার দল এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।