বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে ঢাকার আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনার মামলায় পাঁচ আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তারা হলো নিরব, রিপন, সুমন মিয়া, মজনু মিয়া ও শহীদ।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শনিবার (৪ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আসামি নিরব, রিপন, সুমন মিয়া, মজনু মিয়া, শহীদ ও মিজানকে আদালতে হাজির করেন। মিজান বাদে পাঁচ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকর্তা। আর মিজানকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পাঁচ আসামির জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে মিজানকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।
আসামি গ্রেফতার
এর আগে শনিবার জামালপুর সদর থানার কাজীর আখ এলাকা থেকে সুমনকে ও ময়মনসিংহের নান্দাইল থানার বরাইল এলাকা থেকে শহীদকে আটক করে র্যাব। অপর আসামিদের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাহেব নগর এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।
এর আগে শুক্রবার (৩ জুলাই) আবুল বাশার খুনের সঙ্গে জড়িত এমন সন্দেহে গ্রেফতার সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির নামে দুই জনকে কারাগারে পাঠানো হয়।
মামলা দায়ের
আবুল বাশারকে খুনের ঘটনায় তার স্ত্রী স্মৃতি আক্তার শনিবার আদাবর থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৯ জুন রাত দেড়টার দিকে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জয়লাভ করে। ব্রাজিলের জয়ের পর নিরব উচ্চস্বরে বাঁশি বাজাতে থাকে। সেখানে হৃদরোগে আক্রান্ত হাবিবুর রহমান নামে এক ব্যক্তিও বাঁশি বাজায়। নিরব ক্ষিপ্ত হয়ে তাকে মারতে যায়। স্থানীয় লোকজন নিরবকে নিবৃত করে।
হাবিবুরের ভাগ্নে সাদ্দাম হোসেন বিষয়টি মীমাংসার জন্য মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিংয়ে তার অফিসে ডাকে আসামিদের। ৩০ জুন দুপুর ১২টার দিকে তিন আসামি সাদ্দামের টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য পথরোধ করে। সাদ্দাম হাবিবুরের ভাগ্নে পরিচয় দিলে আসামিরা আরও ক্ষিপ্ত হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে।
বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। আসামিদের নিয়ে নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজার এলাকায় একটি দোকানে বসে বিচারের কথা হয়। ১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আসামিরাসহ স্থানীয় লোকজন দোকানে উপস্থিত হন। স্থানীয় লোকজনের সালিস বিষয়ে আসামিদের চাপা ক্ষোভ সৃষ্টি হয়। সেখান থেকে তারা কৌশলে বের হয়ে নবোদয় চার রাস্তার মোড়ে ওঁত পেতে থাকে।
হামলা ও মৃত্যু
সালিসে সাদ্দাম ও আবুল বাসার বাদশা উপস্থিত ছিল। স্থানীয় লোকজন সবাইকে দোকান থেকে চলে যেতে বলেন; অন্যান্যদের সঙ্গে সাদ্দাম ও বাদশাহও বের হয়। রাত সাড়ে ৮টার দিকে চার রাস্তার মোড়ে আসামিরা সাদ্দাম ও বাদশাহ ওপর হামলা করে। সুইচ গিয়ার ও চাপাতি দিয়ে বাদশাহ ও সাদ্দামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



