বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সমালোচিত আসরগুলোর একটি হলো ১৯৯৪ সালের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ঘটেছিল নানা ঘটনা, যা আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে।
পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন
ফুটবলের দেশ না হলেও বিশ্বকাপ আয়োজনে কমতি রাখেনি যুক্তরাষ্ট্র। ২৪ দল নিয়ে আগের ফরম্যাটেই শুরু হয় বিশ্বকাপ। তবে পয়েন্ট পদ্ধতিতে আসে পরিবর্তন—ম্যাচ জিতলে ৩ পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। এই বিশ্বকাপের আলো কেড়ে নেয় লাতিন আমেরিকার তিন দেশ—আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া।
ম্যারাডোনার ডোপ কেলেঙ্কারি
বিশ্বকাপের প্রথম ধাক্কা আসে ডিয়েগো ম্যারাডোনার কাছ থেকে। ১৯৯১ সালে মাদক সেবনের দায়ে একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফিরে এসে প্রথম দুই ম্যাচে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর ডোপ টেস্টে তার শরীরে পাওয়া যায় নিষিদ্ধ এফিড্রিন। ফলে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ হন ম্যারাডোনা। প্রথমবারের মতো ডোপ পাপে বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হলো কোনো খেলোয়াড়। তার সঙ্গে শেষ হয়ে যায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন।
এস্কোবারের আত্মঘাতী গোল ও মৃত্যু
অন্যদিকে কলম্বিয়া নিয়ে এসেছিল অন্য রকম আশা। কিন্তু স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। সেই ম্যাচে আত্মঘাতী গোল করেন অধিনায়ক আন্দ্রেস এসকোবার। কলম্বিয়ায় মাফিয়াদের রাজত্ব ছিল সে সময়। আত্মঘাতী গোলের মাশুল দিতে হয় নিজের জীবন দিয়ে—নিজ শহরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এসকোবার।
বুলগেরিয়ার চমক ও ইতালির পথ
এসব ঘটনার মাঝেও বড় দলগুলো নিজেদের জায়গা তৈরি করে নেয়। রিস্টো স্টইচকভের বুলগেরিয়া ছিল এই বিশ্বকাপের চমক। মেক্সিকো ও জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। তবে রবার্তো বাজ্জিও তাদের স্বপ্নভঙ্গ করেন। সেমিতে ১-২ গোলে হেরে বাড়ি ফেরে বুলগেরিয়া। ফাইনালে ইতালির মুখোমুখি হয় ব্রাজিল।
ফাইনাল: ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ
২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে উঠলেও ব্রাজিলবাসী খুব খুশি ছিল না। কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ব্রাজিলের সাম্বা ফুটবল ছেড়ে নতুন ধরনের ফুটবল আয়ত্ত করেছিলেন। গোল থামানোই ছিল তার মূল লক্ষ্য। ফাইনালে অ্যারিগো সাচ্চির ইতালির মুখোমুখি হয় ব্রাজিল। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল গোলশূন্য অবস্থায় শেষ হয়। টাইব্রেকারে গিয়ে পেনাল্টি মিস করেন রবার্তো বাজ্জিও। 'দ্য ডিভাইন পনিটেইল'-এর সেই পেনাল্টি মিস ব্রাজিলের হাতে তুলে দেয় চতুর্থ বিশ্বকাপ। শুরু হয় নতুন এক হলুদ যাত্রা।



