কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভ ও স্লোগানের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ ও কলেজ সূত্র জানায়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বিক্ষোভের সূত্রপাত
অনুষ্ঠান চলাকালে সাধারণ শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে গেলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং মাঠে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজ কার্যালয়ে নিয়ে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও অবস্থান নিয়ে বিক্ষোভ চালান।
পুলিশের হস্তক্ষেপ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে এমপি আমির হামজা পুলিশের সঙ্গেই কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। ঘটনার বিষয়ে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপরত অবস্থায় দেখেছেন। পরে তিনি পুলিশের সঙ্গেই কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন ওসি।



