জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেসব কোচের জীবনবৃত্তান্ত হাতে এসেছে সেগুলো নিয়ে গতকাল সভায় বসেছিল বাফুফে। কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বরং কোচদের একটা ছোট তালিকা করা হয়েছে। ১০ জনের একটি তালিকা থেকে বাছাই করে আগামী তিন দিনের মধ্যে একজন কোচকে চূড়ান্ত করার কথা জানিয়েছে বাফুফে।
তিন ঘণ্টার সভা, সময় নিচ্ছে বাফুফে
গতকাল তিন ঘণ্টার সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন বিদেশি কোচ নিয়োগে তারা আরও একটু সময় নিচ্ছেন। সভায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যিনি একই সঙ্গে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান। যারা বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের জীবনবৃত্তান্ত তুলে ধরেছেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু।
১২৩ থেকে ১০ কোচের তালিকা
মোট ১২৩ জন কোচের জীবনবৃত্তান্ত জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে প্রথমে ৭৫, এরপর ৫৫ এবং সেখান থেকে বাছাই করে ১০ কোচের নাম নির্ধারণ করা হয়েছে। এই ১০ জনই বিদেশি। কোচ নিয়োগের জন্য সাইফুল বারী টিটু এবং তিন সদস্যকে নিয়ে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছিল। সভা সূত্রে একজন কর্মকর্তা জানিয়েছেন সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু কোচ হওয়ার আবেদন করলেও তার নাম ১০ জনের তালিকায় নেই। যারা আছেন তারা সবাই বিদেশি কোচ।
জানা গেছে, ২০১৬ সালে ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিক গেমস ফুটবল স্বর্ণপদক জয়ী ব্রাজিল দলের কোচের নাম রয়েছে তালিকায়। রাজধানীর পূর্বাচলে ফর্টিস এফসির অফিসে কোচ নিয়োগের সভা অনুষ্ঠিত শেষে আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
আগামী তিন দিনের পরিকল্পনা
আগামী তিন দিনের মধ্যে কোচ চূড়ান্ত করতে পারবে বলে বিশ্বাস বাফুফের। বাবু জানিয়েছেন, ১০ কোচের সঙ্গে অনলাইনে কথা বলবে বাফুফে। তারা কি শর্তে কাজ করতে চায়, কত টাকা বেতন দাবি করছে, অন্যান্য সুযোগ-সুবিধা কি হবে—এসব নিয়ে আগামী তিন দিন আলোচনা চলবে। তবে বাফুফে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস রেখেছে। কাকে না পেলে কাকে রাখতে চাইবে, এমন একটি ধারণা সবার সঙ্গে আলোচনা হয়েছে।
উপমহাদেশে মানিয়ে নেওয়ার প্রশ্ন
বাফুফের কিছু লোকজন কোচ নিয়োগের আগ থেকেই বিভিন্ন মাধ্যমে বলাবলি করেছেন এমন কোচ নিয়োগ দেওয়া দরকার যিনি উপমহাদেশে কাজ করতে পারবেন, এখানে মানিয়ে নেওয়ার বিষয় রয়েছে। প্রশ্ন উঠছে যিনি আবেদন করেছেন তিনি কি জানেন না? উপমহাদেশের আবহাওয়া কেমন, বাংলাদেশের আবহাওয়া কেমন, আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য কী কী রয়েছে, ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা কত—এসব কথা জেনেই একজন কোচ আবেদন করেছেন। অথচ বাফুফে ভবনের এসি রুমে বসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভাবছেন ব্রাজিল, আর্জেন্টিনা, ইউরোপের কোচ মানিয়ে নিতে পারবেন কি না। মানিয়ে নিতে পারে এমন কোচ নিয়োগে কমিটিকে পরামর্শ দিচ্ছেন।
ফুটবল অঙ্গনে সরগরম
জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফে যেভাবে ফুটবল অঙ্গন সরগরম করে রেখেছে এটা আর কখনো দেখা যায়নি। পৃথিবীর ফুটবলে এমনটা দেখা যায়নি। ব্রাজিল ফুটবল দল কোচ নিয়োগ করল আনচেলত্তিকে। আনোচেলত্তির নিয়োগ নিয়েও এত সরগরম ছিল না ব্রাজিলের ফুটবল। সংবাদমাধ্যমকে কাছে টেনে যতটা সাসপেন্স দেখিয়েছে বাফুফে।
মালদ্বীপ টুর্নামেন্ট ও সান মেরিনো ম্যাচ
মালদ্বীপের চার জাতি ফুটবল টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানও আমন্ত্রিত সেখানে। আর ইউরোপের সান মেরিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিফার র্যাংকিংয়ে ২১১ দেশের মধ্যে সান মেরিনো ২১১ নম্বরে। বাংলাদেশ ১৮১ নম্বরে। ওপরের র্যাংকিংয়ের দেশের বিপক্ষে না খেলে সবচেয়ে নিচের দেশের সঙ্গে খেলবে বাংলাদেশ।
মালদ্বীপ অনুরোধ করেছে বাংলাদেশ যেন মূল জাতীয় দলটিকে পাঠায়। বিশেষ করে মালদ্বীপ চাইছে হামজা চৌধুরী, সামিত সোমরা যেন মালদ্বীপে আসেন। নাম না উল্লেখ করে শাহাদাত হোসেন জানিয়েছেন বিদেশিরা মালদ্বীপে যাবেন। দুটি দল গঠনে খেলোয়াড় সংকট হবে না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাহাদাত। তিনি বলেন, 'আমাদের যথেষ্ট সংখ্যক ফুটবলার রয়েছে। কোনো সমস্যা হবে না।'



