আগামী ১০ মে লা লিগার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলেরই হাতে রয়েছে পাঁচটি করে ম্যাচ। পয়েন্টের ব্যবধান ১১। সমীকরণ বলছে, লা লিগার শিরোপা লড়াই খাতা-কলমেও প্রায় শেষ। আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়ে কার্যত লড়াই থেকে ছিটকে গেছে। এখন প্রশ্নটা আর ‘যদি’ কিংবা ‘কিন্তু’তে আটকে নেই; প্রশ্ন এখন একটাই—কবে লিগ শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা?
টানা দ্বিতীয় শিরোপার ঘ্রাণ যখন কাতালুনিয়ায় ম ম করছে, তখনই ক্যালেন্ডারের পাতা মনে করিয়ে দিচ্ছে ১০ মের কথা। ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকো! রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য দিনটি হতে পারে চরম অস্বস্তির, কারণ সেদিন তাদের সামনেই হতে পারে বার্সেলোনার শিরোপা-উৎসব।
পয়েন্টের হিসাব ও সম্ভাবনা
৩৩টি করে ম্যাচ শেষে আপাতত বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়াল মাদ্রিদের ৭৪। এখন হিসাবটা সহজ। রিয়াল মাদ্রিদ যদি তাদের বাকি সব কটি ম্যাচ জিতেও, তবে তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ৮৯। তাই শীর্ষে থাকা বার্সেলোনার শিরোপা নিশ্চিত করতে দরকার মাত্র ৫ পয়েন্ট। অপটার সুপারকম্পিউটার বার্সার শিরোপা জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ৯৯.৫ শতাংশ।
বাংলাদেশ সময় আজ রাত একটায় ওসাসুনার মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কাল রাতে খেলবে এসপানিওলের মাঠে। বার্সা যদি আজ রাতে জেতে আর কাল রিয়াল যদি পয়েন্ট হারায়, তবে এল ক্লাসিকো পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কালই ২৯তম বারের মতো লা লিগার ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে বার্সার।
কিন্তু যদি রিয়াল এ ব্যবধানটা ধরে রাখতে পারে, তবে ১০ মে এল ক্লাসিকোকে যোগ হবে নতুন মাত্রা। তখন ক্যাম্প ন্যুতে ড্র করতে পারলেই বার্সার মাথায় উঠবে স্প্যানিশ লিগের মুকুট। জিতলে তো কথাই নেই, সোনায় সোহাগা!
ইতিহাস গড়ার সম্ভাবনা
এখানেই ব্যাপারটা অন্য মাত্রা পেতে পারে। লা লিগার প্রায় ১০০ বছরের ইতিহাসে এই অভাবনীয় ঘটনাটি কখনো ঘটেনি। না বার্সেলোনা, না রিয়াল মাদ্রিদ—কেউই কোনো ক্লাসিকোতে শিরোপা নিশ্চিত করেনি। ইতিহাসের এই পাতাটি এখনো সাদা। ১০ মে সেই পাতায় প্রথম লেখা হতে পারে বার্সেলোনার নাম।
গত বছর অক্টোবরে বার্নাব্যুতে রিয়াল ২-১ গোলে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের।
রিয়াল মাদ্রিদের করণীয়
প্রশ্ন হচ্ছে, এই ‘ঐতিহাসিক লাঞ্ছনা’ থেকে রক্ষা পেতে কী করতে পারে রিয়াল? সেই হিসাবটাও সোজা। আগামীকাল এসপানিওল ও এরপর এল ক্লাসিকো, পরপর দুটি ম্যাচই জিততে হবে। সে ক্ষেত্রে বার্সেলোনা আজ রাতে ওসাসুনাকে হারালেও ৩৫ ম্যাচ শেষ তাদের পয়েন্ট হবে ৮৮। সমান ম্যাচে রিয়ালের হবে ৮০। বাকি তিন ম্যাচ থেকে তখন অন্তত ২ পয়েন্ট লাগবে বার্সার।
শিরোপা জেতার আশা তো আর নেই। অন্তত নিজেদের চোখের সামনে বার্সেলোনার উৎসব না দেখতে চাইলে এটুকু করতেই হবে রিয়ালকে।
রিয়ালের প্রেরণা হতে পারে লিগে দুই দলের সর্বশেষ ক্লাসিকো, গত বছর অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে যে ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের। গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। এবারও নিশ্চয়ই সে রকমই কিছু আশা করছেন আলভারো আরবেলোয়া।
গার্ড অব অনার বিতর্ক
আরও একটা প্রশ্ন এরই মধ্যে স্পেনের ফুটবলে ঘুরপাক খাচ্ছে। যদি ক্লাসিকোর আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় বার্সেলোনা, তবে কি ক্যাম্প ন্যুতে বার্সাকে ‘পাসিও’ বা গার্ড অব অনার দেবে রিয়াল মাদ্রিদ? স্পেনের ফুটবলের একটা ঐতিহ্য হচ্ছে, কোনো দল শিরোপা নিশ্চিত করে ফেললে পরের ম্যাচে তারা মাঠে ঢোকার সময় প্রতিপক্ষ দল দুই সারিতে দাঁড়িয়ে অভিবাদন জানায়। ২০০৮ সালে বার্সেলোনা বার্নাব্যুতে দাঁড়িয়ে রিয়ালকে এই সম্মান দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে তখনকার রিয়াল কোচ জিনেদিন জিদান এই প্রথা মানতে অস্বীকার করে বিতর্ক উসকে দিয়েছিলেন।
এবারও গুঞ্জন, যদি এল ক্লাসিকোর আগেই লা লিগা শিরোপা নিশ্চিত করে, তবে রিয়াল মাদ্রিদ তাদের গার্ড অব অনার দেবে না। এর পেছনের কারণ হিসেবে ‘নেগ্রেইরা কেস’ বা রেফারিকে ঘুষসংক্রান্ত মামলার জেরে দুই ক্লাবের মধ্যে ভেঙে পড়া প্রাতিষ্ঠানিক সম্পর্ককে দায়ী করা হয়েছে।



