ইউরোপের ফুটবল মৌসুম শেষ হচ্ছে চলতি মাসে। ১২ মাসের বছরে মে পঞ্চম মাস হলেও ইউরোপীয় ক্লাব ফুটবলে এটি মৌসুমের শেষ মাস। ২০২৫-২৬ মৌসুমের সব ম্যাচ শেষ হবে আগামী চার সপ্তাহের মধ্যে। কোনো লিগ ৩১ মে, কোনোটি ২৪ মে, কোনোটি আবার ১৭ মে শেষ হবে। তবে কিছু লিগের শিরোপাজয়ীর নাম জানতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এমনকি আগামী দুই দিনেই নিশ্চিত হয়ে যেতে পারে চারটি লিগের চ্যাম্পিয়নশিপ। এর মধ্যে লা লিগা আর সিরি ‘আ’র মতো শীর্ষস্থানীয় লিগ যেমন আছে, আছে পর্তুগালের প্রিমেরা লিগ আর তুরস্কের সুপার লিগও।
লা লিগা
স্পেনের শীর্ষ লিগে খেলা হয়েছে ৩৩ রাউন্ড। এখনো বাকি ৫ ম্যাচ। এ মুহূর্তে ৮৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। আজ রাতে বার্সা খেলবে ওসাসুনার বিপক্ষে, আগামীকাল রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ এসপানিওলের বিপক্ষে।
বার্সেলোনা যদি জিতে যায়, আর রিয়াল মাদ্রিদ হেরে যায় বা ড্র করে, তাহলে আগামীকালই ২৯তম লা লিগা নিশ্চিত হবে বার্সার। কারণ, দুই দলের পয়েন্টের ব্যবধান তখন ১৪ অথবা ১২ হয়ে যাবে। মৌসুমে এরপর আর চারটি করে ম্যাচ বাকি থাকায় বার্সেলোনাকে আর টপকানো সম্ভব হবে না রিয়ালের। এ মুহূর্তের ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সা গোল ব্যবধান ও মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে।
সিরি ‘আ’
ইতালির সিরি ‘আ’-তে ৩৪টি করে ম্যাচ শেষ। এ মুহূর্তে শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭৯, দুইয়ে থাকা নাপোলির ৬৯। এ ছাড়া ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। ইন্টার এখন নাপোলির চেয়ে ১০ আর মিলানের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে। লিগে মাত্র ৪ ম্যাচ বাকি থাকায় ইন্টার শিরোপা জিতে নিতে পারে আগামীকালই। এ জন্যই পার্মার বিপক্ষে জিততে হবে। পয়েন্ট তালিকার ১২ নম্বরে থাকা পার্মাকে হারাতে পারলে অন্য কারও দিকে না তাকিয়ে সরাসরিই ২১তম ট্রফি জিতে নেবে ইন্টার।
তবে ইন্টারের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে আজ রাতেও। সে ক্ষেত্রে আজ রাতে কোমোর বিপক্ষে নাপোলিকে হারতে হবে এবং আগামীকাল সাস্সুয়োলোর বিপক্ষে মিলানকে পয়েন্ট হারাতে হবে (হার বা ড্র)। আর যদি নাপোলি তাদের ম্যাচে ড্র করে, তাহলে ইন্টারকে পার্মার বিপক্ষে ড্র করলেই চলবে। আর যদি মিলান জেতে, তাহলেও ইন্টারের ১ পয়েন্ট দরকার হবে ট্রফি নিশ্চিতের জন্য।
সুপার লিগ
তুরস্কের সুপার লিগে দল ১৮টি, ম্যাচ হয় ৩৪টি করে। ৩১ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গালাতাসারাই। দ্বিতীয় স্থানে থাকা ফেনেরবাচের পয়েন্ট ৬৭। গালাতাসারাই ৭ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে আজই। সামসুনপুরের বিপক্ষে জিতলেই ভিক্টর ওশিমেনরা চ্যাম্পিয়ন হয়ে যাবেন। এমনকি ড্র করলে বা হারলেও হয়তো চ্যাম্পিয়নশিপের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ, গালাতাসারাই-সামসুনপুর ম্যাচ যে সময় শুরু হবে, একই সময়ে ফেনেরবাচে মাঠে নামবে বাসাকসেহিরের বিপক্ষে। গালাতাসারাইয়ের মতো ফেনেরবাচেও যদি ড্র করে বা হারে, তাহলে পয়েন্টের ব্যবধান এখনকার মতো ৭ বা ৬ থেকে যাবে। ওশিমেনরা গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ দুই ম্যাচের ফলের দরকার হবে না। টানা চতুর্থ শিরোপা জিতবে গালাতাসারাই।
প্রিমেরা লিগ
পর্তুগালের লিগে ৩১ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো। দ্বিতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৭৫। অর্থাৎ তিন ম্যাচ বাকি থাকতে ৭ পয়েন্টে এগিয়ে পোর্তো। ২০২০-২১ মৌসুমের পর লিগ না জেতা পোর্তো আজ আলভারকাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন। তবে এর আগেও শিরোপা নিশ্চিত হতে পারে তাদের। পোর্তোর আড়াই ঘণ্টা আগে ফ্যামিলিয়াকাওয়ের মাঠে খেলবে বেনফিকা। সেই ম্যাচে বেনফিকা হারলেই পোর্তো চ্যাম্পিয়ন। আর যদি বেনফিকা ড্র করে, পোর্তাকে আলভারকার বিপক্ষে হার এড়ালেই চলবে।



