আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে গতকাল কানাডার তৃতীয় বৃহত্তম শহর ভ্যাঙ্কুভারায় ৭৬তম কংগ্রেসের আয়োজন করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সেখানে ফুটবলের প্রভাবশালী ব্যক্তিরা একত্রিত হন। ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও সেখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাদের কংগ্রেসে অংশ নিতে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
এ নিয়ে তুমুল তোলপাড় শুরু হলে নিজেদের পক্ষে সাফাই গাইছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, তার 'বোঝাপড়া অনুযায়ী' ইরানের ফুটবল কর্মকর্তাদের কানাডায় প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছিল। তবে তিনি এটিকে 'অনিচ্ছাকৃত' ঘটনা হিসেবে উল্লেখ করেন। আনন্দ আরও বলেন, 'এটি আমার সরাসরি দায়িত্বের বিষয় নয়, তবে আমার বোঝাপড়া অনুযায়ী অনুমতিটি প্রত্যাহার করা হয়েছিল। এটি অনিচ্ছাকৃত ছিল। এ বিষয়ে বিস্তারিত জানানো অভিবাসনমন্ত্রীর দায়িত্ব।'
ইরানের দাবি
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এবং আরও দুই কর্মকর্তা টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের 'অনুপযুক্ত আচরণের' কারণে সে দেশে প্রবেশ করতে পারেননি। এর আগে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, মেহদি তাজ সোমবার ভিসা পেলেও পরে মঙ্গলবার রাতে তাকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডায় আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা আছে।
ফিফা কংগ্রেসে ইরানের অনুপস্থিতি
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা বৃহস্পতিবারের ফিফা কংগ্রেসে; কিন্তু ইরানের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসেও ইরানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেখানে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও কোনো আলোচনা হয়নি।
বিশ্বকাপ প্রভাবিত হওয়ার আশঙ্কা
বিশ্বকাপের আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল, ভিসা জটিলতা ইরানি প্রতিনিধিদলের ভ্যাঙ্কুভারে যাত্রা ও পুরো বিশ্বকাপ কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। 'জি' গ্রুপে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ মিশর ও বেলজিয়াম।
ইরানি কর্মকর্তাদের কানাডায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে ফিফার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



