কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? হাভিয়ের কাবরেরার উত্তরসূরি খুঁজতে বাফুফে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপাতত ২২ জন কোচের একটি তালিকা নিয়ে এগোচ্ছে সংস্থাটি। এই তালিকাভুক্ত কোচদের সবার বেতন জানতে চাওয়া হয়েছে। তবে কোচ নিয়োগে দলের বড় তারকা হামজা চৌধুরীর পরামর্শও নেবে বাফুফে।
নতুন কোচ নিয়োগের সময়সীমা
জুনে সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ফুটবল কর্তারা। আপাতত তালিকায় একমাত্র দেশি কোচ হিসেবে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। তবে তালিকা ছোট করা হলে তার সেখানে থাকার সম্ভাবনা নেই। বিষয়টি জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন।
কোচের তালিকা ও মিন্টুর ভবিষ্যৎ
বাংলা ট্রিবিউনকে হিলটন বলেন, ‘আমাদের হাতে ২২ জন কোচের জীবনবৃত্তান্ত আছে। সেটি ছোট করে আনা হচ্ছে। তালিকা কমিয়ে এনে আমরা টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে দেবো। এই তালিকা ছোট করলে তখন মিন্টু বাদ পড়বে। আমরা ওর চেয়ে হাই প্রোফাইল কোচ চাইছি। তালিকায় একাধিক এমন কোচ আছে। মিন্টু ভালো কোচ, তাতে কোনও সংশয় নেই। আসলে আমরা এর চেয়ে ভালো কোচ চাইছি।’
জাতীয় দলের কোচ নিয়োগে আবার হামজা চৌধুরীর পরামর্শ নেওয়া হতে পারে। এই কর্মকর্তা জানিয়েছেন, ‘বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল সাধারণত হামজার সঙ্গে সবসময় যোগাযোগ করে থাকেন। কথা বা বার্তা আদান-প্রদান হয়। এখন কোচ নিয়োগে হয়তো হামজার মতামত নেওয়ার সুযোগ আছে। সেটা হয়তো আনঅফিসিয়ালি হতে পারে।’



