পুরোটা সময় কোণঠাসা থেকে মুহূর্তের চমকে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল সাউথ্যাম্পটন। তবে সেই ধাক্কায় ম্যানচেস্টার সিটি এলোমেলো হয়নি। বরং ঘুরে দাঁড়িয়ে, পাঁচ মিনিটে দুই গোল করে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে সিটি।
ম্যাচের শুরুতে চমক
ম্যাচের শুরুতেই চমক দেখাতে চেয়েছিল সাউথ্যাম্পটন। ১২ মিনিটে লিও সিয়েঞ্জা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি, কেবল গোলরক্ষক ড্যানিয়েল পেরেত্জের একটি গুরুত্বপূর্ণ সেভ নজর কাড়ে। গোলশূন্য প্রথমার্ধ কাটলেও দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। সিটির প্রবল চাপ সামলে এজাজের সেই দর্শনীয় ফিনিশিং সাউথ্যাম্পটনকে ২৩ বছর পর প্রথম এফএ কাপ ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিল।
পাঁচ মিনিটে দুই গোল
তবে তাদের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র তিন মিনিট। ৮২ মিনিটে জেরেমি ডোকুর একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। এর ঠিক দুই মিনিট পর বক্সের অনেক দূর থেকে নেওয়া এক বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে সিটির জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা খেলোয়াড় নিকো গন্সালেস। পুরো ম্যাচে আধিপত্য ছিল গার্দিওলার দলের। সিটির ২৬টি শটের বিপরীতে সাউদাম্পটনের ছিল মাত্র ৪টি শট।
ইতিহাস গড়ল সিটি
এই জয়ের ফলে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এখন শিরোপা জয়ের অপেক্ষায় সিটিজেনরা।



