বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আজ শনিবার অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ফুটবল লিগ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের তত্ত্বাবধানে লিগের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বিএফএফ ন্যাশনাল ট্রায়াল-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ট্রায়ালের সময়সূচি ও স্থান
আগামী সোমবার থেকে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে এই ট্রায়াল শুরু হবে। আট দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য আবাসিক ক্যাম্পের ব্যবস্থা থাকবে। বাফুফের মতে, ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের সম্ভাবনাময় খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও বাছাই করা হবে, যা ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাছাই প্রক্রিয়া
কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম জানিয়েছেন, ‘আমরা ১২৮ জন ফুটবলারকে তিন ধাপে কমলাপুর স্টেডিয়ামে বাছাইয়ের জন্য ডাকবো। সেখানে আমাদের কোচিং স্টাফ ও এই কমিটির উপদেষ্টা জুলফিকার মাহমুদ মিন্টুও থাকবেন। এখান থেকে আমরা মেধা অনুযায়ী ৩০ থেকে ৪০ জন ফুটবলারকে ইয়েস কার্ড দেবো।’
এখান থেকে মেধাবী ফুটবলারদের নিয়ে ফেডারেশন ভবিষ্যতের দল গড়তে চায়। মঞ্জুরুল বলেন, ‘গত বছর তাদের বয়স ছিল ১৫। এখন সেটা বেড়ে অনেকের ১৬ হবে। আমরা এই ফুটবলারদের আগামীর জাতীয় দলের জন্য প্রস্তুত করবো।’



