ইতিহাস গড়ে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে জর্ডান। দেশটির এই সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন মৌসা আল–তামারি। বর্তমানে ফরাসি ক্লাব রেঁনের হয়ে খেলছেন ২৮ বছর বয়সী এই রাইট উইঙ্গার। তবে তার আরও একটি পরিচিত নাম রয়েছে। ‘জর্ডানের মেসি’ নামেই বেশি পরিচিত তিনি।
বিশ্বকাপে আসল মেসি বনাম ‘জর্ডানের মেসি’
আগামী বিশ্বকাপে ‘জে’ গ্রুপে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জর্ডান। গ্রুপের অন্য দুই দল হলো আলজেরিয়া এবং অস্ট্রিয়া। আরলিংটনে ২৭ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দেশের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই মুখোমুখি লড়াই হবে আসল মেসি লিওনেল মেসি ও ‘জর্ডানের মেসি’ মৌসা আল–তামারির।
‘জর্ডানের মেসি’ খ্যাতি অর্জন
দুর্দান্ত খেলার কারণেই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির নামের তকমা পেয়েছেন আল–তামারি। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফুটবলারের ক্যারিয়ারের শুরু জর্ডানের ক্লাব শাদাব আল–ওরদোনের বয়সভিত্তিক প্রকল্পে। ২০১৮ সালে ইউরোপে পা রাখেন আল-তামারি। যোগ দেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ায়। সেখানে দুর্দান্ত খেলায় পেয়ে যান ‘জর্ডানের মেসি’ তকমা।
এরপর বেলজিয়ামের ঘরোয়া ফুটবল ঘুরে আল–তামারি পা রাখেন ফরাসি ফুটবলে। মঁপেলিয়েরে দুই মৌসুম খেলে গত বছর যোগ দিয়েছেন রেঁনেতে। মেসির মতোই বাঁ পায়ে ঝলক দেখান আল-তামারি। ইউরোপের বড় লিগে জর্ডানের প্রথম ফুটবলার হিসেবে তারকা ইমেজ পেয়েছেন এই উইঙ্গার।
জর্ডানকে বিশ্বকাপে তোলার নায়ক
জর্ডানকে ২০২৬ বিশ্বকাপে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। এছাড়া জর্ডানকে ২০২৪ এশিয়ান কাপের ফাইনালে তোলায়ও অবদান ছিল আল–তামারির। জাতীয় দলের জার্সিতে ৯০ ম্যাচে ২৪ গোল করেছেন আল-তামারি। তার নেতৃত্বেই জর্ডান ফুটবলে নতুন ইতিহাস রচনা করছে।



