যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে প্রস্তাব দিয়েছেন যে, ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হোক। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাওলো জাম্পোলির প্রস্তাব
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, চারবারের বিশ্বকাপজয়ী ইতালিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে দেখা তার জন্য 'স্বপ্ন' হবে। গত মাসে বাছাইপর্বের প্লে-অফে হেরে ইতালি বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটি ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের ওপর ট্রাম্পের আক্রমণের সমালোচনা করে মেলোনি প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।
জাম্পোলি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, 'আমি নিশ্চিত করছি যে আমি ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোকে প্রস্তাব দিয়েছি যে ইরানের পরিবর্তে ইতালি বিশ্বকাপে খেলুক। আমি ইতালীয় বংশোদ্ভূত এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে আজ্জুরিদের দেখা আমার জন্য স্বপ্ন হবে। চারটি শিরোপা নিয়ে তাদের অন্তর্ভুক্তি সমর্থন করার মতো যথেষ্ট সুনাম রয়েছে।'
ইতালির বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে পেনাল্টি শুটআউটে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হারায় ইতালি।
ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয়
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) এপ্রিল মাসে জানিয়েছিল যে তারা ইরানের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর জন্য ফিফার সাথে 'আলোচনা' করছে।
তবে গত মাসে তুরস্কে ইরানের কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় ইনফ্যান্টিনো এএফপিকে জানিয়েছিলেন, ইরান বিশ্বকাপে থাকবে এবং তারা 'ড্র অনুযায়ী যেখানে থাকার কথা সেখানেই খেলবে'।
জাম্পোলি একজন ইতালীয়-আমেরিকান সোশ্যালাইট, ব্যবসায়ী এবং সাবেক মডেলিং এজেন্ট। তিনি দাবি করেন যে তিনি ট্রাম্পের সঙ্গে তার বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পরিচয় করিয়ে দিয়েছিলেন।



