চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্রাজিল ফ্যানসের ব্যানারে ‘ফ্যান গেট-টুগেদার ২০২৬’ শীর্ষক দিনব্যাপী মিলনমেলা বুধবার (১০ জুন) উপজেলার ড্রিম রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানের সূচনা ও অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক রহিম উদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, ব্যাংকার ইয়াছিন আরাফাত চৌধুরী মুন্না এবং সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।
দিনব্যাপী আয়োজন
দিনব্যাপী অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, জায়ান্ট স্ক্রিনে ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচ প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, মধ্যাহ্নভোজ, মিনি গেমসসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ চমকের ব্যবস্থা।
আয়োজনের লক্ষ্য
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি ভালোবাসা, আবেগ ও ঐতিহ্যকে একসঙ্গে উদযাপন এবং সমর্থকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে দিনব্যাপী এ মিলনমেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।



