রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকায় এক তরুণ ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিতে সাত লিটার দুধ দিয়ে গোসল করেছেন। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। ওই তরুণের নাম মো. তামিম। তিনি প্রথমে ব্রাজিলের হলুদ জার্সি পরে বসে ছিলেন। চারপাশে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকেরা লাল বালতি থেকে মগে করে তাঁর মাথায় দুধ ঢালেন। দুধ দিয়ে গোসল শেষে ব্রাজিলের জার্সি খুলে ফেলেন তামিম এবং আর্জেন্টিনার সাদা-নীল জার্সি পরিয়ে দেওয়া হয় তাঁকে।
ভাইরাল ভিডিও
তামিমের এই ব্যতিক্রমধর্মী দলবদলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরছেন। যোগাযোগ করলে প্রথম আলোকে তামিম বলেন, ‘কারও চাপে নয়, নিজের ইচ্ছায় আমি এই কাজ করেছি। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল ফ্যান-ফলোয়ার দেখেই দলে যোগ দিলাম। মেসির খেলা, দলটার লড়াই—সব মিলিয়ে ভালোবেসে ফেলেছি।’
আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস
জার্সি বদলের পর উপস্থিত আর্জেন্টিনার সমর্থকেরা মিষ্টি বিতরণ করেন এবং আর্জেন্টিনার পক্ষে স্লোগান দেন। আর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে বিশ্বকাপের। দলগুলো এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, জোরেশোরে চলছে সম্ভাব্য শিরোপা দাবিদারদের নিয়ে আলোচনা। তার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
বিশ্বকাপ নিয়ে সারা দেশের মতো রাঙামাটিতেও সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। দুই দলের সমর্থকেরাই শোভাযাত্রা করেছেন এবং নিজ দলের পতাকা লাগিয়েছেন।



