বিশ্বকাপ ঘিরে অর্থনৈতিক অনিশ্চয়তা: টিকিটের দাম ও ভিসা জটিলতা
বিশ্বকাপ ঘিরে অর্থনৈতিক অনিশ্চয়তা: টিকিটের দাম ও ভিসা জটিলতা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ঘিরে অর্থনৈতিক আশা প্রশ্নের মুখে পড়েছে। টিকিটের আকাশছোঁয়া দাম, হোটেল বুকিং কম ও ভিসা জটিলতা আর্থিক লাভের সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

টিকিটের দাম ও ভিসা জটিলতা

বিশ্বকাপের টিকিটের দাম আগের তুলনায় অনেক বেশি। ফুটবল সাপোর্টার্স ইউরোপ জানিয়েছে, দাম ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় সাত গুণ বেশি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ডাইনামিক প্রাইসিং নীতি সমর্থন করলেও সমালোচকরা একে 'চাঁদাবাজি' বলে আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতি আন্তর্জাতিক দর্শকদের জন্য বড় বাধা। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) সতর্কবার্তা দিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী প্রবণতা ও সহিংসতার ঝুঁকি রয়েছে। ভিসা প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে অনেক দর্শক সময়মতো অনুমোদন না-ও পেতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হোটেল বুকিং ও পর্যটন

প্রকাশিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ হোটেলের বুকিং প্রত্যাশার তুলনায় কম। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভিসাজনিত জটিলতা ও ভূরাজনৈতিক অস্থিরতাকে দুর্বল চাহিদার কারণ হিসেবে চিহ্নিত করেছে। নিউইয়র্কে বুকিং প্রত্যাশার ৬৫ শতাংশে সীমাবদ্ধ, সিয়াটলে ৮০ শতাংশ হোটেল গ্রীষ্মকালীন স্বাভাবিক বুকিংয়ের তুলনায় পিছিয়ে।

কানাডার ভ্যাঙ্কুভারেও একই চিত্র। ব্রিটিশ কলাম্বিয়া হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রত্যাশা অনুযায়ী মানুষের চাপ তৈরি হয়নি। তবে কিছু নগর কর্তৃপক্ষ আশাবাদী যে টুর্নামেন্ট শুরু হতে বুকিং স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাড়া ও বিমান বুকিং

আল-জাজিরার অনুসন্ধানে দেখা গেছে, ডালাসে ম্যাচের সময় এয়ারবিএনবিতে দুই রাতের ভাড়া ৭০০ ডলার, ফিলাডেলফিয়ায় ৩০০ ডলার, আর ফাইনালের আগে নিউইয়র্কে ৫ হাজার ৬০০ ডলারের বেশি। বিমান বুকিং অবশ্য বাড়ছে; হিউস্টনে ৩৮ শতাংশ ও ডালাসে ৪২ শতাংশ বেড়েছে। তবে ৭০ শতাংশ বুকিং দেশীয় ভ্রমণকারীদের, আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কম।

স্থানীয়দের সম্পৃক্ততা ও অবকাঠামো

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি লটারির মাধ্যমে এক হাজার বাসিন্দাকে ৫০ ডলারে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া সেন্ট্রাল পার্কে ফাইনালের উন্মুক্ত প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। অবকাঠামো উন্নয়নে হিউস্টনে 'গ্রিন করিডর' প্রকল্প ও কানসাস সিটিতে স্ট্রিটকার নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। তবে কিছু পরিকল্পনা বিতর্কের জন্ম দিয়েছে, যেমন কানসাস সিটিতে নতুন কারাগার স্থাপনের প্রস্তাব, যা গৃহহীন মানুষদের সরিয়ে রাখার উদ্যোগ বলে অভিযোগ উঠেছে।

অধ্যাপক মাইক এডওয়ার্ডস বলেন, মেগা আয়োজনের কল্যাণে প্রকল্প বাস্তবায়নের গতি বেড়ে যায়। তবে আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়া, ব্যয়বহুল টিকিট ও দুর্বল পর্যটনের কারণে স্বাগতিক শহরগুলো অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, তা নিয়ে সন্দেহ থেকে যায়।