২০২৬ বিশ্বকাপে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
বিশ্বকাপে পুনর্ব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধ ফিফার

মাঠে বসে খেলা দেখার সময় দর্শকদের জন্য পানির বোতল অপরিহার্য সঙ্গী। কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই পরিচিত দৃশ্য আর দেখা যাবে না। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে স্টেডিয়ামের ভেতরে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে আচরণবিধিতে আনা এই পরিবর্তন ইতোমধ্যে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে সম্ভাব্য গরম আবহাওয়ার কথা বিবেচনায়। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফিফা।

নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত

এর আগে ফিফা খালি, স্বচ্ছ এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নেওয়ার অনুমতি দিয়েছিল। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া সংশোধিত আচরণবিধিতে সেগুলোও নিষিদ্ধ করা হয়েছে। শুধু পুনর্ব্যবহারযোগ্য বোতলই নয়, নিরাপত্তার স্বার্থে বোতল, কাপ, কাচের জার ও ক্যানসহ এ ধরনের অন্যান্য সামগ্রীও নিষিদ্ধ করা হয়েছে। ফিফার মতে, এগুলো ছুড়ে মারা হলে খেলোয়াড় বা দর্শকদের আহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

ফিফার বক্তব্য

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক এবং কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। সম্ভাব্য ঝুঁকি ও আঘাতের ঘটনা প্রতিরোধে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ফিফা আরও জানিয়েছে, নিরাপত্তার কারণে আয়োজক ভেন্যুগুলোর বেশ কয়েকটিতে আগে থেকেই বাইরের বোতল আনার ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন সেই নীতিই বিশ্বকাপের সব স্টেডিয়ামে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দর্শকদের উদ্বেগ ও ফিফার ব্যবস্থা

তবে এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, কয়েকটি ভেন্যুতে ম্যাচ চলাকালে তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে গরম আবহাওয়ায় দর্শকরা কীভাবে নিজেদের পানিশূন্যতা থেকে রক্ষা করবেন এবং স্টেডিয়ামের ভেতরে পানীয় জল কতটা সহজলভ্য হবে—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ফিফা জানিয়েছে, গরম মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা রাখা হবে। আয়োজক শহরগুলোর স্থানীয় কর্তৃপক্ষ ও হোস্ট সিটি কমিটির সঙ্গে সমন্বয় করে দর্শকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে বিক্রি হওয়া পানির বোতলের মূল্য সংশ্লিষ্ট ভেন্যুতে অন্যান্য বড় আয়োজনের সময় যে দামে বিক্রি করা হয়, সেই পর্যায়েই রাখা হবে বলেও জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।