বিশ্বকাপ সামনে রেখে টেকনাফে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
বিশ্বকাপ সামনে টেকনাফে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে কক্সবাজারের উপকূলীয় জনপদ টেকনাফ। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শত শত সমর্থক অংশ নিয়েছেন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রায়। সবুজ-হলুদ পতাকা, প্রিয় দলের জার্সি আর ‘ব্রাজিল-ব্রাজিল’ স্লোগানে কাঁপলো মেরিন ড্রাইভ এলাকার রাজপথ।

শোভাযাত্রা শুরু

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা গেট থেকে শুরু হয় শোভাযাত্রাটি। পরে টেকনাফ স্থলবন্দর হয়ে মেরিন ড্রাইভ জিরো পয়েন্টে গিয়ে মিলিত হয় সমর্থকদের বিশাল বহর। শত শত মোটরসাইকেলের এই আয়োজন যেন মুহূর্তেই টেকনাফকে পরিণত করে উৎসবের নগরীতে।

নেইমারের দলে ফেরায় উচ্ছ্বাস

বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকি থাকলেও নেইমারের দলে ফেরাকে ঘিরে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। সমর্থকদের বিশ্বাস, বিশ্বকাপে নেইমারের হাত ধরেই আবারও বিশ্বকাপ জিতবে ব্রাজিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিল সমর্থক মুর্শেদ আলম বলেন, “নেইমার দলে ফেরায় ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার ব্রাজিলের হেক্সা মিশন সফল হবে।”

আরেক সমর্থক রিয়াজ বলেন, “নেইমার ফেরায় বিশ্বকাপের উন্মাদনা আরও বেড়ে গেছে। আমরা বিশ্বাস করি, এবার ব্রাজিল শিরোপা জিতবে।”

শাহ আলম বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানিয়েছি। নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করতেই মূলত এই আয়োজন।”

উৎসবমুখর পরিবেশ

শোভাযাত্রাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রাও করতালি দিয়ে স্বাগত জানান সমর্থকদের। তরুণ-যুবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন আয়োজনে।

আয়োজকদের একজন বাহাউদ্দিন বলেন, “বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা টেকনাফেও যে ব্রাজিলের অসংখ্য সমর্থক রয়েছে, সেটিই আমরা বিশ্বকে জানাতে চাই।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেক আয়োজক হেলাল উদ্দিন বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ফুটবলকে উপভোগ করা এবং সবাই মিলে আনন্দ ভাগাভাগি করা। পাশাপাশি সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।”

বিশ্বকাপের আমেজ

বিশ্বকাপকে ঘিরে টেকনাফজুড়ে এখন উৎসবের আমেজ। বাসাবাড়ির ছাদ, দোকানপাট ও সড়কের পাশে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির পতাকা। প্রিয় দলের রঙে বাড়ি সাজানো আর বড় বড় পতাকা টানানো নিয়েও চলছে সমর্থকদের প্রতিযোগিতা।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল পাঁচবার জিতেছে বিশ্বকাপ শিরোপা। সেই গৌরবের স্মৃতি বুকে নিয়েই নতুন স্বপ্ন দেখছেন টেকনাফের ব্রাজিল সমর্থকরা।