পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগড়ায় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) প্রতিযোগিতায় অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে মার খেলেন ম্যাচ রেফারি। সহকারী নারী রেফারিও আঘাতের শিকার হন।
ঘটনার বিবরণ
আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা চলছিল মগড়ার নতুন গ্রাম সন্তান সংঘের মাঠে। খেলায় ভবানীপুর ক্লাব ও হুগলি সিটি ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রায় শেষ লগ্নে ভবানীপুর ক্লাব ২-০ গোলে এগিয়ে ছিল।
শেষ দিকে সিটি ক্লাব একটি গোল করে। কিন্তু সহকারী রেফারি অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। রেফারি বাঁশি বাজাতেই সিটি ক্লাবের ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গোল বাতিলের প্রতিবাদে রেফারির ওপর চড়াও হয়।
সহকারী রেফারিকেও লক্ষ্যবস্তু
শুধু রেফারিই নন, সহকারী রেফারিকেও তাড়া করে মারার চেষ্টা করে ফুটবলাররা। অনেক দৌড়েও শেষরক্ষা হয়নি। মারধরের চোটে রেফারি মাঠে শুয়ে পড়েন। একজন মহিলা সহকারী রেফারিকেও মারধর করা হয়।
পরবর্তী পদক্ষেপ
মাঠে উপস্থিত আইএফএর ফিজিও গিয়ে অসুস্থ রেফারিকে বুকে পাম্প করে সুস্থ করেন। আইএফএ কর্মকর্তা অনির্বান দত্ত ঘটনা জানতে পেরে মগড়া থানায় ফোন করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে মাঠের অব্যবস্থা নিয়ে অভিযোগ তোলা হয়। আইএফএর লীগ খেলা হচ্ছে অথচ মাঠে পানির ব্যবস্থা, ড্রেসিংরুম নেই। খেলোয়ারদের কোচ ও স্টাফদের মাঠের পাশে গাছ তলায় বসতে দেওয়া হয়।



