২০০২ সালে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তার পর কেটে গেছে ২৪টি বছর। হলুদ শিবিরে কার্লোস দুঙ্গা কিংবা সবশেষ তিতের মতো হাইপ্রোফাইল কোচ এলেও সোনালী ট্রফি অধরাই থেকে গেছে। তাই এবারই প্রথম বিদেশি কোচের ওপর ভরসা রাখছে সিলিওরা।
জানলে অবাক হবেন, ব্রাজিলের ডাগ আউটে যেমন স্বদেশী কোচ নেই। ঠিক তেমনি বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ডাগআউটে নেই কোনও ব্রাজিলিয়ান ট্যাকটিশিয়ান। টুর্নামেন্টে সর্বোচ্চ কোচ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনার।
কাতার বিশ্বকাপের প্রেক্ষাপট
এক্ষেত্রে কাতার বিশ্বকাপকে উদাহরণ হিসেবে ধরা যাক। তখন ব্রাজিলের মূল দলের কোচ ছিলেন তিতে। তিনি ছাড়াও অন্যান্য দেশের হয়ে দায়িত্বে থাকা ব্রাজিলিয়ান কোচের সংখ্যা ছিল ৩ জন। তারা হলেন- দক্ষিণ কোরিয়ার পাওলো বেন্তো, ঘানার ওটো আডো ও কোস্টারিকার লুইস ফার্নান্দেজ সুয়ারেজ। অথচ এবার সেই সংখ্যাটা শূন্য!
এবারের বিশ্বকাপে কোচের পরিসংখ্যান
এবারের বিশ্বকাপে ৪৮টি দলের ২৬টিই বিদেশি কোচ নিয়ে খেলবে। তার মধ্যে আর্জেন্টাইনদেরই আধিক্য বেশি- ৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ কোচ ফ্রান্সের- ৫ জন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তো আছেনই। যুক্তরাষ্ট্রের ডাগআউটে থাকবেন মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের হয়ে মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো আর্জেন্টাইন কোচ হিসেবে দায়িত্বভার সামলাবেন।
ফরাসি কোচদের মধ্যে রয়েছেন ফ্রান্স দলের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনি।
স্পেন, ইতালি ও জার্মানির কোচ
তার পরেই তালিকায় তৃতীয় সর্বোচ্চ কোচ রয়েছে স্পেনের। তারা হলেন- স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি ও পানামার ক্রিস্টিয়ানসেন।
ইতালি টানা তৃতীয়বার বিশ্বকাপে না খেললেও এক জায়গায় তৃপ্তির ঢেঁকুর তুলতে পারে। আজ্জুরিদের দেশ থেকে তিনজন এই বিশ্বকাপে কোচের দায়িত্বে থাকছেন। তারা হলেন- কার্লো আনচলেত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) ও ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। আর সমসংখ্যক কোচ আছে জার্মানিরও। জার্মানদের মধ্যে আছেন হুলিয়ান নাগলসমান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।
এবারের বিশ্বকাপে ২২টি দেশ আবার নিজেদের দেশের কোচের ওপর-ই আস্থা রাখছে। তাদের মধ্যে লিওনেল স্ক্যালোনি ও দিদিয়ের দেশম অন্যতম।



