ঘরোয়া ও জাতীয় ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলেছেন জাহেদ পারভেজ চৌধুরী। ক্যারিয়ারে অর্জন করেছেন সাফল্য। খেলোয়াড়ি জীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বর্তমানে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সবশেষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৭ জুনের নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই সাবেক ফুটবলার।
ফুটবলার থেকে ক্রিকেট কাউন্সিলর
তার হঠাৎ ফুটবলার থেকে ক্রিকেটে কাউন্সিলর হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলা ট্রিবিউনকে সেসব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। শুরুতে ক্রিকেট কাউন্সিলর হওয়া প্রসঙ্গে জাহেদ পারভেজ বলেছেন, ‘আমি একজন ফুটবলার ছিলাম। সেখান থেকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব হিসেবে কাজ করছি। শুরুতে আমি একজন খেলোয়াড়। একজন খেলোয়াড় হিসেবে সব খেলা ও খেলোয়াড়দের সুখ-দুঃখ বোঝার সামর্থ্য আমার আছে। একটি খেলাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই মেধাও আমার রয়েছে। আর যেহেতু ক্রীড়া দলের হয়ে কাজ করছি, সেহেতু অন্য খেলার পাশাপাশি ক্রিকেট নিয়েও সারা দেশে কাজ করতে হচ্ছে। তাই মন্ত্রী মহোদয় বিসিবির নির্বাচনে আমাকে কাউন্সিলর হিসেবে রেখেছেন।’
টুটুলের উদাহরণ
এর আগে বিসিবিতে সাবেক তারকা ফুটবলার শফিউল আরেফিন টুটুল পরিচালক হিসেবে কাজ করেছেন। সেই উদাহরণ টেনে জাহেদ পারভেজ বলেছেন, ‘টুটুল ভাই ফুটবলার হয়েও ক্রিকেট অঙ্গনে সফলভাবে কাজ করেছেন। তিনি যদি পারেন, তাহলে আমি কেন পারবো না? আমার সেই আত্মবিশ্বাস আছে বলেই কাউন্সিলর হয়েছি।’
বিসিবিতে সরাসরি কাজের ইচ্ছা
তাহলে কি বিসিবিতে সরাসরি কাজ করার ইচ্ছাও রয়েছে? জাহেদ পারভেজের জবাব, ‘এখন মন্ত্রী মহোদয় যদি চান, তাহলে আমি বোর্ডে এসে কাজ করবো। আমাদের দলের যেহেতু ক্রীড়া উন্নয়নে কাজ করার মেনিফেস্টো আছে, আমি সেটাই বাস্তবায়নের চেষ্টা করবো।’
সমালোচনার জবাব
ফুটবলার থেকে ক্রিকেটে কাউন্সিলর হওয়াকে কেউ কেউ তির্যকভাবে দেখছেন। এ প্রসঙ্গে জাহেদ পারভেজের বক্তব্য, ‘দেখুন, কোথাও তো লেখা নেই যে ফুটবলার হয়ে ক্রিকেটে কাজ করা যাবে না বা কাউন্সিলর হওয়া যাবে না। কিছু মানুষ কথা বলবেই। আগেই টুটুল ভাইয়ের উদাহরণ দিয়েছি। এখন বর্তমান বিসিবির অ্যাডহক কমিটি নিয়েও তো অনেক কথা হচ্ছে। কিন্তু দেখেন, তারা কত ভালো কাজ করছে। এটা কি কেউ ভেবেছিল? তাই আমি মনে করি, কাজ করতে চাইলে যেকোনওভাবেই করা যায়। কে কোন জায়গা থেকে এসেছে, সেটা কোনও সমস্যা নয়।’



