ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একটি চিঠি দিয়ে বসুন্ধরা কিংস জানিয়েছে, তারা আর ফাইনাল খেলতে আগ্রহী নয়। পাশাপাশি ম্যাচ বাতিল করে প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি ও মেডেল প্রদানের আহ্বান জানিয়েছে তারা।
চিঠি পাঠানোর পটভূমি
মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভা চলাকালেই নিজেদের অবস্থান জানিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠায় বসুন্ধরা কিংস। ক্লাবটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ফেডারেশন কাপের ফাইনাল আয়োজন নিয়ে বাফুফের বর্তমান অবস্থান অত্যন্ত প্রশ্নবিদ্ধ। কিংসের দাবি, টুর্নামেন্টের সুস্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরও ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা ফাইনালের দিন পর্যন্ত অনিশ্চিত ছিল।
বিব্রতকর অবস্থায় কিংস
এই পরিস্থিতি ক্লাবটিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে উল্লেখ করে তারা জানিয়েছে, অন্য পক্ষগুলোর এমন আচরণ বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রার জন্য অসম্মানজনক। মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিংস অ্যারেনায় খেলতে অস্বীকৃতি এবং এ বিষয়ে বাফুফের দেরিতে প্রতিক্রিয়া দেখানোর কারণেই এমন অবস্থান নিয়েছে বসুন্ধরা কিংস।
নিরাপত্তা ইস্যু ও বাফুফের ভূমিকা
নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাঁচ দিন আগে কিংস অ্যারেনায় খেলতে না চেয়ে বাফুফেকে চিঠি দেয় মোহামেডান। তবে এ বিষয়ে বাফুফের নড়াচড়া শুরু হয় সোমবার বিকালে। পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন, রাতের মধ্যেই বিষয়টির সমাধান করা হবে। কিন্তু পরদিন ম্যাচের সময় ঘনিয়ে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এ নিয়ে জরুরি সভায় বসে বাফুফে। আর সেই সময়েই অভিমানী চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে কিংস।
কিংসের অবস্থান
চিঠিতে তারা জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা ফাইনাল খেলতে আগ্রহী নয় এবং প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন মেডেল তুলে দেওয়ার জন্য বাফুফের প্রতি অনুরোধ জানাচ্ছে। চলতি মৌসুমে বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপের একাধিক ম্যাচ খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। কিংসের ভাষ্য, সেখানে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকলেও তারা বাফুফের সঙ্গে কোনো বিরোধ তৈরি না করেই ম্যাচগুলো খেলেছে।
সম্মানের প্রশ্ন
চিঠির শেষাংশে ক্ষোভ প্রকাশ করে বসুন্ধরা কিংস জানিয়েছে, একটি ক্লাব হিসেবে তারা সবসময় ট্রফির চেয়ে সম্মানকে বেশি গুরুত্ব দেয়। বর্তমান পরিস্থিতিতে সেই সম্মান আর অবশিষ্ট নেই বলেই মনে করছে তারা। আর সে কারণেই ফেডারেশন কাপের ফাইনাল বাতিল করে প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণা করার অনুরোধ জানিয়েছে ক্লাবটি। তবে এরই মধ্যে বাফুফে জানিয়েছে, ফেডারেশন কাপের ফাইনাল মঙ্গলবার কিংস অ্যারেনাতেই অনুষ্ঠিত হবে।



