বাফুফের জরুরি সভায় নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত
বাফুফের সভায় নতুন কোচ ও ফেডারেশন কাপ ভেনু নিয়ে আলোচনা

হাভিয়ের কাবরেরা-পরবর্তী অধ্যায় নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোলম্যান অধ্যায়ের সমাপ্তির পর এখন জার্মান কোচ বার্ন্ড স্টর্ক ও ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলির মধ্য থেকেই একজনকে বেছে নেওয়ার পথে এগোচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আজকের জরুরি সভা

এ নিয়ে আজ মঙ্গলবারই বসছে বাফুফের জরুরি সভা। তার আগে অনুষ্ঠিত হবে টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠক। সেখানে জাতীয় দলের নতুন কোচ নিয়োগের পাশাপাশি ফেডারেশন কাপের ভেনু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ জাতীয় টিমস কমিটি ও বাফুফের জরুরি সভা রয়েছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া

এর আগে সাংবাদিকদের কাছে নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তাবিথ। তিনি বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবেই কোচের নাম বলছি না। আমরা যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছি, তখন একটি জায়গায় মতপার্থক্য তৈরি হয়। মাঝখানে থাকা একজন এজেন্ট বাফুফের কাছে এজেন্ট ফি দাবি করেন। এখানে টাকার অঙ্কটা মুখ্য নয়, মূল বিষয় নীতি ও নিয়মের। এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভ খরচ আমরা কখনও দেইনি। এজন্য বাজেট ও সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও সেই এজেন্ট আমাদের জানায়, তারা এই প্রক্রিয়ায় আর চুক্তিতে যাচ্ছে না। সেখানেই ওই আলোচনা শেষ হয়ে যায়।’

নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘এখন আমরা আরেকজন কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি আজ কিংবা আগামীকালের মধ্যেই সমঝোতা চুক্তি হয়ে যাবে। চূড়ান্ত হলে সঙ্গে সঙ্গেই আপনাদের জানানো হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা

জাতীয় দলের ক্যাম্প শুরুর পরিকল্পনার কথাও জানিয়েছেন বাফুফে সভাপতি। তার ভাষ্য, ‘ঘটনাটা মাত্র তিন-চার দিন আগের। সমঝোতা চুক্তি না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। তাই এই মুহূর্তে কোনো কোচের নাম প্রকাশ করে শিরোনামে আনতে চাই না। তবে আমরা যে অবস্থায় আছি, তাতে শতভাগ নিশ্চিতভাবে ২৪ তারিখ থেকেই স্থায়ী নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।’