আজ সোমবার রাত বাংলাদেশ সময় ২টায় ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণার সময় একটি নামের দিকে চোখ থাকবে সবার—নেইমার। গতকাল রাতে নিজেকে প্রমাণের জন্য শেষবারের মতো মাঠে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু এমন ম্যাচেই নেইমার শিকার হয়েছে অদ্ভুত এক প্রহসনের।
ভুল বদলির ঘটনা
ম্যাচের দ্বিতীয়ার্ধের ফোর্থ অফিশিয়ালের ভুলে বদলি হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তাঁকে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে মাঠ ছাড়তে হওয়ায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি নেইমার। রাগে-ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এই ফরোয়ার্ডকে। গতকাল রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোটের চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। ঠিক তখনই চতুর্থ কর্মকর্তা বদলির বোর্ডে ১০ নম্বর দেখিয়ে দেন।
৬৫ মিনিটে নেইমারের বদলি হিসেবে নামানোর ঘোষণা দেন রবিনিও জুনিয়রকে। কিন্তু বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বিভ্রান্তি তৈরি হয়। মনে হচ্ছিল, আসলে বদলি হওয়ার কথা ছিল গনসালো এস্কোবারের। মাঠে ফিরতে গেলে নেইমারকে হলুদ কার্ডও দেখান রেফারি।
নেইমারের প্রতিক্রিয়া
এরপর ক্ষুব্ধ নেইমার কর্মকর্তাদের কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখান। তিনি বোঝাতে চান, ভুল করে তাঁর নম্বর তোলা হয়েছে, এস্কোবারের নয়। শেষ পর্যন্ত নেইমার মাঠ ছাড়েন এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন এস্কোবারের হাতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোস এক বিবৃতিতে জানায়, ‘চতুর্থ কর্মকর্তা বদলির ক্ষেত্রে ভুল করেছেন। টেলিভিশনের ফুটেজ ও কর্মকর্তাদের ব্যবহৃত নোটেও সেটি পরিষ্কার দেখা গেছে। অথচ এই অবিশ্বাস্য ভুলটি আর সংশোধন করা হয়নি।’
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক গোল ৭৯টি। তবে চোটের কারণে ২০২৩ সালের পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি।



