২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর বেশি দিন বাকি নেই। তার আগেই ফ্রান্সের বয়সভিত্তিক দলের একজন খেলোয়াড়কে নিজেদের দলে পাচ্ছে মরক্কো। আয়্যুব বুয়াদ্দি মরক্কোর হয়ে খেলার অনুমতি পেয়েছেন।
ফিফার অনুমোদন
শুক্রবার রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) জানিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার স্ট্যাটাস চেম্বার বুয়াদ্দির ক্রীড়া নাগরিকত্ব পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। ফলে এখন থেকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় মরক্কোর প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি।
এফআরএমএফ এক বিবৃতিতে জানায়, ‘এই সিদ্ধান্তের ফলে আয়্যুব বুয়াদ্দি এখন আনুষ্ঠানিকভাবে এবং তাৎক্ষণিকভাবে মরক্কো জাতীয় দলের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছেন।’
খেলোয়াড়ের পরিচয়
প্যারিসের উত্তরের শহর সেনলিসে মরক্কান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী বুয়াদ্দি বর্তমানে ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিলের হয়ে খেলছেন। মরক্কোকে বেছে নেওয়ার আগে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার।
মরক্কোর বিশ্বকাপ ইতিহাস ও প্রস্তুতি
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিল মরক্কো। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ।
গ্রুপ ‘সি’-তে থাকা মরক্কো ১৩ জুন নিউ জার্সিতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই গ্রুপে আরও রয়েছে স্কটল্যান্ড ও হাইতি।



