লিলের মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ানো নিয়ে চাপা লড়াই চলছিল মরক্কো ও ফ্রান্সের মধ্যে। শেষ পর্যন্ত সেই আন্তর্জাতিক লড়াইয়ে জয় পেল মরক্কো। ফরাসি ক্লাব লিলের এই মিডফিল্ডারকে লিগ আঁর অন্যতম সেরা উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচনা করা হয়। জন্ম ফ্রান্সে হলেও, বুয়াদ্দিকে মরক্কোর হয়ে খেলার সবুজ সংকেত দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে মরক্কোর জন্য এটি বড় সুখবর।
ফিফার সিদ্ধান্ত
রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন গতকাল শুক্রবার জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার থেকে তারা এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে বুয়াদ্দির খেলার জাতীয়তা পরিবর্তনের যে আবেদন করা হয়েছিল, ফিফা তা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে এখন মরক্কোর হয়ে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের আর কোনো বাধা রইল না।
জন্ম ও ক্যারিয়ার
মরক্কান বাবা-মায়ের সন্তান বুয়াদ্দি ফ্রান্সে জন্ম নেওয়ায় এত দিন দুই দলের মধ্যে তাঁকে দলে টানার চাপা লড়াই চলছিল। শেষ পর্যন্ত ফিফার এই অনুমোদনে ফ্রান্সকে হতাশ করে শেষ হাসি হাসল মরক্কোই। বুয়াদ্দি এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে খেলেছেন। দলটির হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল লুক্সেমবার্গের বিপক্ষে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে; সে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে সিনিয়র পর্যায়ে নিজের ভবিষ্যৎ হিসেবে মরক্কোকেই বেছে নিলেন বুয়াদ্দি।
লিলে ও রেকর্ড
গত কয়েক মৌসুমে লিলের মূল একাদশে নিয়মিত মুখ হয়ে উঠেছেন বুয়াদ্দি। ক্লাবটির হয়ে তিন মৌসুমে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন। এর আগে ১৬ বছর ৩ দিন বয়সে মাঠে নেমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন বুয়াদ্দি। সেটি ছিল ২০২৩ সালের অক্টোবরে কনফারেন্স লিগের ম্যাচে।
মরক্কোর কৌশল
দলকে শক্তিশালী করতে দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ফুটবলারদের নিজেদের শিবিরে ভেড়ানোর দারুণ ঐতিহ্য গড়ে তুলেছে মরক্কো। বুয়াদ্দির আগে ফুলহামের ডিফেন্ডার ঈসা দিওপকে খেলতে রাজি করায় তারা। ফ্রান্সে জন্ম নিলেও দিওপের মা মরক্কান। বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ও আয়াক্সের খেলোয়াড় রায়ান বুনিদাকেও দলে টেনেছে মরক্কো।
বিশ্বকাপ ২০২৬
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কীর্তি গড়া মরক্কো এবার খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের তিন প্রতিদ্বন্দ্বী হলো ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড।



