বর্তমানে নিতম্বের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন রোমেলু লুকাকু। খুব একটা ফর্মেও নেই এই স্ট্রাইকার। খেলার মতো অবস্থায় না থাকলেও লুকাকুকে নিয়েই বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। বেলজিয়ামের হয়ে ১২৪ ম্যাচে ৮৯ গোল করেছেন লুকাকু। তাই খেলার মতো অবস্থায় না থাকলেও এই স্ট্রাইকারকে হাতছাড়া করছেন না রুডি গার্সিয়া। বেলজিয়াম কোচ বলেন, ‘রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে খেলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত নই সে শুরু থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কি না। তবে লুকাকু আমাদের সেরা স্ট্রাইকার এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’ ‘আনফিট’ লুকাকুকে নিয়েও বেশ আশাবাদী বেলজিয়াম কোচ। তিনি বলেন, ‘ওকে (লুকাকু) পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে। আশা করি ধীরে ধীরে সে দলকে সাহায্য করতে পারবে।’
বিশ্বকাপ দলে বড় চমক
বেলজিয়ামের বিশ্বকাপ দলে বড় চমক হিসেবে এসেছেন মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। লিলের এই ফরোয়ার্ড আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তবে জাতীয়তা পরিবর্তন করে বেলজিয়ামের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন। কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও জেরেমি ডকুর মতো তারকাদের ওপর ভরসা রেখেছেন কোচ রুডি গার্সিয়া।
বেলজিয়ামের বিশ্বকাপ মিশন
আগামী ১৫ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে।
বেলজিয়ামের বিশ্বকাপ দল
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।
ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।



