বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়ে বাফুফে অনেক দূর এগিয়ে গেছে। ওয়েলসের সাবেক কোচ কোলম্যানকে নিয়ে আলোচনা হচ্ছিলো বেশি। এরকম আলোচনার মাঝেই হঠাৎ গায়ানা জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন জার্মান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের কোচ টমাস ডুলি। যিনি বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন। তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে এই পদত্যাগ ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি বাংলাদেশকেই গন্তব্য করেছেন ডুলি?
পদত্যাগের সময় নিয়ে প্রশ্ন
আগামী ১৫ মে বাফুফের নতুন কোচের নাম ঘোষণা করার কথা রয়েছে। ঠিক তিন দিন আগে ১২ মে ডুলির পদত্যাগ করার বিষয়টি অবাক করার মতোই। অথচ ৯ মাস গায়ানার দায়িত্বে থেকে অপরাজিত রেকর্ড রয়েছে তার।
ডুলির ক্যারিয়ার ও সাফল্য
৬৫ বছর বয়সী ডুলি খেলোয়াড় হিসেবে যেমন বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয়ী। কোচ হিসেবেও প্রোফাইল বেশ ভারী। ছিলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী। বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলকে সাফল্য এনে দেওয়া এবং প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করানোর অভিজ্ঞতা তাকে বাফুফের তালিকার শীর্ষে রাখার বড় কারণ হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে এমন একজন অভিজ্ঞ কোচ খুঁজছে, যিনি এশিয়ান ফুটবল সম্পর্কে সম্যক ধারণা রাখেন। তবে ডুলির কোচিং ক্যারিয়ারে শৃঙ্খলার বিষয়টি যেমন প্রশংসিত, তেমনি গায়ানায় স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তার দ্বন্দ্ব কিছুটা বিতর্কেরও জন্ম দিয়েছিল।
বাফুফের অবস্থান
বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন কোচ নিয়োগ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘টমাস ডুলি আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। এখন কোচ নিয়োগের বিষয়টি পুরোপুরি সভাপতি নিজেই দেখছেন। উনি ১৫ মে ঘোষণা দেবেন বলে জানি।’



