বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের দিকে। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ ও আই—এই ৯ গ্রুপের তিনটি করে ম্যাচ শেষ হয়েছে। ফলে কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে এবং কারা বাদ পড়ছে তা অনেকটাই নিশ্চিত। বাকি তিন গ্রুপ জে, কে ও এল-এর ম্যাচ শেষ হলে তৃতীয় স্থানে থাকা সেরা আট দল দ্বিতীয় রাউন্ডে যাবে।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা দলগুলো
গ্রুপ এ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড ও কানাডা, গ্রুপ সি থেকে ব্রাজিল ও মরোক্কো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, গ্রুপ ই থেকে জার্মানি ও আইভরি কোস্ট, গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান, গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিসর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কেপ ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। এছাড়া এসব গ্রুপের তৃতীয় স্থানে থাকা কয়েকটি দলও ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। বাকি দলগুলোর অপেক্ষা শেষ হবে জে, কে ও এল গ্রুপের ম্যাচ শেষে।
নকআউট পর্বের সম্ভাব্য সূচি
২৯ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (গ্রুপ এ-এর দ্বিতীয় বনাম গ্রুপ বি-এর দ্বিতীয়)। একই দিন ব্রাজিল (গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন) মুখোমুখি হবে জাপানের (গ্রুপ এফ-এর রানার্সআপ)।
৩০ জুন: জার্মানি (গ্রুপ ই-এর চ্যাম্পিয়ন) খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। নেদারল্যান্ডস (গ্রুপ এফ-এর চ্যাম্পিয়ন) লড়বে মরোক্কোর (গ্রুপ সি-এর রানার্সআপ) বিরুদ্ধে। আইভরি কোস্ট (গ্রুপ ই-এর দ্বিতীয়) নামবে নরওয়ের (গ্রুপ আই-এর দ্বিতীয়) বিপক্ষে।
১ জুলাই: ফ্রান্স (গ্রুপ আই-এর চ্যাম্পিয়ন) সুইডেনের মুখোমুখি হবে। মেক্সিকো (গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন) লড়বে গ্রুপ সি, ই, এফ, এইচ ও আই থেকে তৃতীয় হওয়া একটি দলের বিপক্ষে।
২ জুলাই: বেলজিয়াম (গ্রুপ জি-এর চ্যাম্পিয়ন) খেলবে গ্রুপ এ, ই, এইচ, আই ও জে থেকে তৃতীয় হওয়া একটি দলের বিপক্ষে। যুক্তরাষ্ট্র (গ্রুপ ডি-এর চ্যাম্পিয়ন) মুখোমুখি হবে বসনিয়ার (গ্রুপ বি থেকে তৃতীয় হয়ে কোয়ালিফাই করা)।
৩ জুলাই: স্পেন (গ্রুপ এইচ-এর চ্যাম্পিয়ন) লড়বে গ্রুপ জে-এর দ্বিতীয় দলের বিপক্ষে (অস্ট্রিয়া বা আলজেরিয়া)। সুইজারল্যান্ড (গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন) খেলবে গ্রুপ ই, এফ, জি, আই ও জে থেকে তৃতীয় হওয়া যেকোনও একটি দলের বিপক্ষে।
৪ জুলাই: অস্ট্রেলিয়া (গ্রুপ ডি-এর দ্বিতীয়) মুখোমুখি হবে মিসরের (গ্রুপ জি-এর দ্বিতীয়)। একই রাতে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের (এবারের বিশ্বকাপে নতুন আসা দল) বিপক্ষে।



