বৈভব সূর্যবংশী! আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলা এই তরুণ এখন আলোচনায় শ্রীলঙ্কার এক ক্রিকেটারের গায়ে হাত তোলার কারণে। গতকাল ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময় ১৫ বছর বয়সী এই ক্রিকেটার এ ঘটনা ঘটিয়েছেন।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে ভারত আগে ব্যাট করে ২৬৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কার ইনিংসও থামে ৯ উইকেটে ২৬৫ রানে। এরপর সুপার ওভারে শ্রীলঙ্কার ১৬ রান তাড়া করতে নেমে ভারত করতে পারে মাত্র ৯ রান। ভারতের হয়ে সুপার ওভারে ব্যাট করেন সূর্যবংশী ও সূর্যংশ শেডগে।
ঘটনার সূত্রপাত
৭ রানে সুপার ওভারে হেরে তারা যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখনই ঘটনার সূত্রপাত। শ্রীলঙ্কা দলের বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে সূর্যবংশী ও সূর্যংশের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে সূর্যবংশীর উদ্দেশে বলেছেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’
সূর্যবংশীর প্রতিক্রিয়া
কথাটা হজম করতে পারেননি সূর্যবংশী। মুখ ঘুরিয়ে পেছনে এসে হালাম্বাগেকে ধাক্কা মেরে বসেন। তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে দেন হালাম্বাগেও। উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা তখন পরিস্থিতি শান্ত করেন। তবে মাঠ থেকে বের হওয়ার সময়ও সূর্যবংশীকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এ ঘটনার বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ত্রিদেশীয় সিরিজে ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তানের ‘এ’ দল খেলছে।



