বিশ্বকাপ ফুটবলে শিরোপা ধরে রাখার মিশনে এসেছে আর্জেন্টিনা। তবে তাদের জন্য ট্রফি ধরে রাখা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। প্রতিপক্ষ চাইবে যে করেই হোক শিরোপাধারীদের আটকাতে। তাই মাঠের চ্যালেঞ্জটা একটু বেশি। তা অনুধাবন করে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও সতর্ক অবস্থান নিয়েছেন।
ওটামেন্ডিওর ঘোষণা
কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার ঘোষণা দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ। তিনি বলেন, “আমি এই মুহূর্তগুলো উপভোগ করছি কারণ এটাই হবে আমার শেষ বিশ্বকাপ। প্রতিদিনের সময়গুলো, আমার সতীর্থরা— সব মিলিয়ে এটি একটি চমৎকার প্রতিযোগিতা। এটি আমার চতুর্থ বিশ্বকাপ এবং নিজের দেশের জার্সিতে মাঠে নামার চেয়ে দারুণ আর কিছুই হতে পারে না। এই সুযোগটা পেয়ে আমি ভীষণ আনন্দিত।”
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মতামত
আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, “আমরা বুয়েনস আইরেস থেকেই এর জন্য প্রস্তুতি নিচ্ছি, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কঠোর পরিশ্রম করছি। এই প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার জন্য আমাদের যথেষ্ট বিনয়ী হতে হবে। আমরা ভালো অবস্থানে আছি এবং নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছি। কারণ আমরা জানি আমরা চ্যাম্পিয়ন এবং সবাই আমাদের হারাতে চায়। তাই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে; ওদের দলে ভালো খেলোয়াড় আছে। আর আমার মনে হয় রক্ষণভাগ সুসংগঠিত রাখা হবে এই ম্যাচের মূল চাবিকাঠি।”
তরুণ খেলোয়াড়দের প্রশংসা
কাতার ২০২২ বিশ্বকাপের স্কোয়াডে যোগ হওয়া নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড়দের নিয়ে ওটামেন্ডি বলেন, “দারুণ মানসম্পন্ন এবং দেশের জার্সি পরে খেলার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দিন দিন আরও বেশি তরুণ খেলোয়াড় উঠে আসছে। যারা জাতীয় দলে সুযোগ পাচ্ছে, তারা নিজেদের যোগ্যতাবলেই আসছে। আর দলে টিকে থাকাটা সম্পূর্ণ সেই খেলোয়াড়ের ওপর নির্ভর করে। তারা আমাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতিনিয়ত প্রতিযোগিতার মধ্যে রাখছে।” আর ঠিক এই কারণেই আর্জেন্টিনা সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে বলেও মনে করেন এই ডিফেন্ডার।



