অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার। স্পিনার নাসুম আহমেদ বোলিং র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ব্যাটিংয়ে তৌহিদ হৃদয় ও সাইফ হাসানও র্যাংকিংয়ে উন্নতি করেছেন।
বোলিং র্যাংকিংয়ে নাসুমের বড় লাফ
বুধবার (২৪ জুন) আইসিসির সর্বশেষ হালনাগাদ হওয়া র্যাংকিংয়ে নাসুম আহমেদ ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ২৭ ধাপ এগিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছেন। এছাড়া শেখ মেহেদী হাসান ৭ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে এবং রিশাদ হোসেন ৯ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে অবস্থান করছেন। বোলারদের র্যাংকিংয়ে ৭৫৩ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান।
ব্যাটিং র্যাংকিংয়ে হৃদয় ও সাইফের উন্নতি
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে থাকা তানজিদ হাসান তামিম দুই ধাপ পিছিয়ে এখন ২৯ নম্বরে অবস্থান করছেন, তার রেটিং পয়েন্ট ৬০২। উন্নতি হওয়া দুই ব্যাটার হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে এবং সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৬ নম্বরে। দুই ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে রয়েছেন পারভেজ হোসেন ইমন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে না পারার প্রভাব পড়েছে লিটন দাসের র্যাংকিংয়ে; তিনি ৭ ধাপ পিছিয়ে এখন ৬০ নম্বরে রয়েছেন। সব মিলিয়ে ৮৭৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।
অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে সিকান্দার রাজা
অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩২৮ রেটিং নিয়ে সবার ওপরে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।



