বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। নাঈম ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপএল) খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম যাচ্ছিলেন। চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফেরার পথে তাকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠান হয় এবং মারধর করা হয়।
মুশফিকের প্রতিক্রিয়া
‘মিস্টার ডিপেন্ডঅ্যাবল’ হিসেবে পরিচিত মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
তামিমের বক্তব্য
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুকে লেখেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’
পুলিশ প্রত্যাহার
জাতীয় টেস্ট দলের ক্রিকেটার নাঈম হাসানকে নির্যাতনের ঘটনায় ইতোমধ্যে চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট সব পক্ষ।



