নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

সাউদাম্পটনে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ দুই জয়ের রেকর্ড গড়েছে নিগার সুলতানার দল। আগের কোনো আসরে বাংলাদেশ দুই জয় পায়নি।

ম্যাচের শেষ ও উদযাপন

ইনিংসের শেষ বলে তাসমিয়া রুবাব অফ স্টাম্পের বাইরের বল ব্যাটে লাগাতে পারেননি, বল চলে যায় উইকেটের পেছনে থাকা নিগার সুলতানার হাতে। সঙ্গে সঙ্গেই দু হাত ছড়িয়ে দেন তিনি। দৌড়ে এসে জড়িয়ে ধরেন বোলার মারুফা আক্তারকে। একটু পর সেখানে জড়ো হন দলের বাকিরাও। আগেই প্রায় নিশ্চিত হয়ে থাকা জয়ের ব্যবধান ঠিক হয় শেষ বলে, তারপরই বাংলাদেশের মেয়েদের এমন উদ্‌যাপন।

বাংলাদেশের ব্যাটিং

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে ১৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে সোবহানা মোস্তারি ও নিগার সুলতানার জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯ বলে ২২ রান করে সোবহানা আউট হলে নিগারের সঙ্গে তাঁর ২৯ বলে ৩৫ রানের জুটিটা ভেঙে যায়। এরপর দলের রান তোলার গতি কিছুটা কমে আসে। ৩৮ বলে ৩৬ রান করে অধিনায়ক নিগার আর ১৬ বলে ৭ রান করে আউট হন রিতু মনি। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তারের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ১২০ রান পার করে। ২২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাকিস্তানের ইনিংস

১২৪ রান তাড়া করতে নামা পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল ৩৯ রান। কিন্তু পরের কয়েক ওভারেই বদলে যায় সবকিছু। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুই ওপেনারকে ফিরিয়ে শুরু করেন। ১৮ বলে ২৩ রান করা গুল ফিরোজ তাঁর বলে ক্যাচ তুলে দেন সোবহানা মোস্তারির হাতে। ৩০ বলে ২৫ রান করা মুনিবা আলীও আউট হন নাহিদার বলেই। এরপর আয়েশা জাফর ১২ বলে ১১ রান করে সানজিদা আক্তারের বলে বিদায় নেওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান। ওই ওভারেই আরও এক উইকেট নেন সানজিদা, এক ওভার পর আরও একটি। বাকিটা সময়ও বাংলাদেশের বোলারদের চাপ সামলাতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। প্রথম তিন ব্যাটসম্যানের বাইরে পাকিস্তানের আর একজনই দুই অঙ্কে নিতে পেরেছিলেন ব্যক্তিগত সংগ্রহ— ১৭ বলে ১০ রান আসে ফাতিমা সানার ব্যাট থেকে। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তান নারী দল।

গ্রুপ পরিস্থিতি ও পরবর্তী ম্যাচ

তৃতীয় ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। ‘এ’ গ্রুপে বাংলাদেশ আছে তিনে। ছয় দলের গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটি দল। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা।