বোলারদের আক্ষেপ নাই, ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলগত সমর্থনের আহ্বান শরিফুলের
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বোলিং আক্রমণ প্রত্যাশার চেয়েও ভালো করছে। পেস বোলাররা লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ সময় ব্যাটসম্যানদের ব্যর্থতায় জেতা ম্যাচও হারতে হচ্ছে। এজন্য আক্ষেপ হয় কিনা—এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আসলে আক্ষেপের কোনো কিছু নাই যদি আমরা হেরে যাই আমাদেরও খারাপ লাগে ব্যাটসম্যানদেরও খারাপ লাগে।’
দলগত সমর্থনের উপর জোর
ব্যাটসম্যানদের আগলে রেখে শরিফুল বলেন, ‘এখানে আমরা যদি আরও একটু ভালো বোলিং করতাম হয়তো তাদের (ব্যাটসম্যান) জন্য সহজ হতো। ইনশাআল্লাহ পরের ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে আমাদের সাপোর্ট দিবে আমরাও তাদের সাপোর্ট দেব দলগতভাবে আমরা ম্যাচ জেতাবো। ক্রিকেট খেলায় এরকম আসেই এক ইউনিট ভালো করে অন্য ইউনিট একটু ফেইল করে। আমরা আশাবাদী যে পরের ম্যাচে ইনশাল্লাহ ভালো করব।’
মিডল অর্ডারের ব্যাটিং প্রভাব
আন্তর্জাতিক ক্রিকেটে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৭০-৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করলে দলে এর প্রভাব পড়ে কিনা; এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘অবশ্যই তারা কাজ করতেছে হয়তো বেশিরভাগ সময় ফেইল হচ্ছে কিন্তু ফেইল হওয়ার পর সবার আশা থাকে সাফল্য আসবে, ইনশাল্লাহ আসবে।’
বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং ইউনিটের সাফল্য সত্ত্বেও ব্যাটিং বিভাগের অসামঞ্জস্যতা দলের ফলাফলে প্রভাব ফেলছে। শরিফুল ইসলামের মতে, দলগত একতা ও পারস্পরিক সমর্থনই ভবিষ্যত সাফল্যের চাবিকাঠি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা তাদের পারফরম্যান্স উন্নত করবে এবং দল জয়ের দিকে এগিয়ে যাবে।



