জাহানারা আলমের ক্ষোভ: মঞ্জুর শাস্তি অপ্রতুল, সহযোগীদের বিচার চান
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। তাঁর সেই অভিযোগে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কাজে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শাস্তি নিয়ে অসন্তোষ
গত ২২ ফেব্রুয়ারি যৌন হয়রানির ঘটনায় মঞ্জুরুল ইসলামকে শাস্তি দেওয়া হয়েছিল। এত দিন এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি জাহানারা আলম। তবে আজ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মঞ্জুরুল ইসলামের অন্য সহযোগীদেরও শাস্তি চান। প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলামকে দেওয়া শাস্তিতেও তিনি খুশি নন।
ভিডিও বার্তায় জাহানারা আলম বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁরা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ, আমার সঙ্গে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি আমার কাছে খুব সামান্য মনে হয়েছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম।’
অন্যান্য নারী ক্রিকেটারদের জন্য ন্যায়বিচার
ক্রিকেটে তাঁর মতো আরও অনেক নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন, তাঁদের জন্য ন্যায়বিচারের দাবি জানিয়েছেন জাহানারা আলম। তিনি অভিযোগ করেছেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ইসলাম ও তাঁর সহযোগীরা মানসিকভাবে তাঁকে অত্যাচার করেন।
জাহানারা আলম বলেন, ‘(আমাকে) সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’ তাঁদের শাস্তি দাবি করে তিনি বলেন, ‘তৌহিদ মাহমুদ (নারী দলের সাবেক ম্যানেজার) তো মারা গেছেন, মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তাঁর এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয়নি, শাস্তিও হয়নি।’
আবদুর রাজ্জাকের মন্তব্য নিয়ে আপত্তি
ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান আবদুর রাজ্জাকের কয়েকটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন জাহানারা আলম। নারী দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘তিনি (আবদুর রাজ্জাক) আবারও মন্তব্য করেন তাঁর ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনি মন্তব্য করেন যে নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে দাবি
ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের কাছে তিনটি দাবি জানিয়েছেন জাহানারা আলম। মঞ্জুরুল ইসলাম ও তাঁর সহযোগী গ্রুপের সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিচারের দাবি জানান জাহানারা আলম। তিনি অভিযোগ জানানোর পর অন্য অঙ্গনের অনেক ক্রীড়াবিদও তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তাঁদের এসব অভিযোগেরও তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ক্রিকেটার।
তা না করা হলে ওই ক্রীড়াবিদেরা খেলতে পারবেন না বলেও মনে করেন জাহানারা আলম। বিশ্বের উন্নত দেশগুলোর জন্য নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করতেও ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন জাহানারা আলম।



