গ্যারি লিনেকারকে ইনস্টাগ্রামে আনফলো করলেন রোনালদো, মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়
রোনালদো আনফলো করলেন লিনেকারকে, মেসি-রোনালদো বিতর্কে উত্তাপ

গ্যারি লিনেকারকে ইনস্টাগ্রামে আনফলো করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা—এই বিতর্ক এক যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে আলোড়িত করে চলেছে। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। তিনি সম্প্রতি প্রকাশ করেছেন যে, ক্রিস্টিয়ানো রোনালদো তাঁকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। লিনেকারের মেসির পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

পডকাস্টে লিনেকারের স্বীকারোক্তি

জনপ্রিয় পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবলে’ সহ-উপস্থাপক অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে আলাপকালে গ্যারি লিনেকার এই ঘটনা সামনে আনেন। তিনি বলেন, ‘রোনালদো আমাকে খুব একটা পছন্দ করেন না। আমি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলিনি, তবে খোলাখুলিভাবে বলেছি যে সামগ্রিকভাবে মেসি একজন ভালো ফুটবলার। তিনি (রোনালদো) ইনস্টাগ্রামে আমাকে আনফলো করে দিয়েছেন। তবে ব্যাপারটা আমি সামলে নেব।’

লিনেকারের এই স্বীকারোক্তি শুনে শিয়ারার ও রিচার্ডস হাসিতে ফেটে পড়েন। লিনেকারও তাঁদের সঙ্গে তাল মিলিয়ে হাসিমুখে যোগ করেন, ‘আমি তাকে সব সময়ই পছন্দ করি। তার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে। আমি জানি সে আমার ওপর মনঃক্ষুণ্ণ। তবে সমস্যা নেই। আর সেই সূত্র ধরেই বলছি...ক্রিস্টিয়ানো, প্লিজ... আমাকে একটা ফোন দিয়ো। চলো আমরা আবার বন্ধু হয়ে যাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেসিকে সেরা বলার যুক্তি

মেসি কেন রোনালদোর চেয়ে সেরা, সে প্রশ্নে নিজের যুক্তি তুলে ধরে লিনেকার বলেন, ‘মেসি আমার সব সময়ের প্রিয় খেলোয়াড়, কারণ তিনিই আমার দৃষ্টিতে সর্বকালের সেরা।’ এর আগেও লিনেকার তাঁর চোখে সর্বকালের সেরা চারজনের তালিকায় পেলে, ম্যারাডোনা, মেসি ও ব্রাজিলিয়ান রোনালদোকে রেখেছিলেন। সেই তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা হয়নি, যা পর্তুগিজ তারকার ভালো লাগেনি বলেই ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রোনালদোর সেরা হওয়ার দাবি

গত বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ টিভি চ্যানেল লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সেরা দাবি করে বলেছিলেন, ‘আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ফুটবল ইতিহাসে আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। কথাটা আমি গভীরভাবে বিশ্বাস করি বলেই বলছি। আপনি পরিসংখ্যানের দিকে তাকান। আমার মনে হয় আমি ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে, আমিই সেরা। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি, মাথা দিয়ে (হেড), ফ্রি-কিক, বাঁ পা—সবই।’

এই ঘটনা ফুটবল বিশ্বে মেসি-রোনালদো বিতর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। অনলাইন প্ল্যাটফর্মে খেলোয়াড়দের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা বাড়িয়ে দিয়েছে। গ্যারি লিনেকারের মতো কিংবদন্তিরা এই বিতর্কে অংশ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছেন।