রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের বড় ভুল: এমবাপ্পের ভুল পায়ে এমআরআই
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের মেডিক্যাল টিম একটি গুরুতর ভুল করেছে, যা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের চোট ব্যবস্থাপনায় প্রভাব ফেলেছে। গত ডিসেম্বরে এমবাপ্পে পায়ে চোট পাওয়ার পর, মেডিক্যাল স্টাফ ভুলবশত তাঁর সুস্থ ডান পায়ে এমআরআই স্ক্যান করায়। এই ঘটনায় এমবাপ্পের প্রকৃত চোট, যা বাঁ পায়ে ছিল, তা দীর্ঘদিন ধরা পড়েনি।
চোটের গভীরতা গোপন রাখার চেষ্টা
সূত্রমতে, রিয়াল মাদ্রিদ শুরুতে এমবাপ্পের ডান হাঁটুতে স্ক্যান করে কোনো সমস্যা না পেয়ে তাঁকে মাঠে নামায়। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড পরবর্তীতে ক্লাবের হয়ে তিনটি ম্যাচ খেলেন, যদিও তাঁর বাঁ হাঁটুতে স্পষ্ট প্রদাহ ও ফোলাভাব ছিল। পরে মেডিক্যাল টিম নিজেদের ভুল বুঝতে পেরে সংশোধন করে এবং বাঁ পায়ে পুনরায় পরীক্ষা চালায়। সেখানে হাঁটুর পেছনের লিগামেন্ট আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ গত ৩১ ডিসেম্বর একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে, কিন্তু চোটের গভীরতা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে একে সাধারণ ‘মচকানো’ বলে উল্লেখ করে। ক্লাবটি এই ভুল কীভাবে ঘটল, তা এখনো পরিষ্কার নয়, এবং ঘটনাটি নিয়ে রিয়াল বা এমবাপ্পের প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চোট নিয়েও মাঠে উপস্থিতি
গত ৭ ডিসেম্বর লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে প্রথম এমবাপ্পের হাঁটুতে সমস্যার লক্ষণ দেখা দেয়। ভুল এমআরআই রিপোর্টের পর, বছরের শেষ তিনটি ম্যাচেই এমবাপ্পে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এবং এই সময়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে রিয়ালের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোল করেন।
গত ৩০ ডিসেম্বর বড়দিনের ছুটি কাটিয়ে রিয়ালের অনুশীলনে ফেরার পর, এমবাপ্পে তাঁর বাঁ হাঁটু নিয়ে মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করেন। এর ঠিক এক দিন পর রিয়াল জানায়, এমবাপ্পের হাঁটু মচকে গেছে। এরপর রিয়ালের পরবর্তী ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই মাঠে নামেন তিনি এবং গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ গোল করেন।
বর্তমান অবস্থা ও আন্তর্জাতিক দায়িত্ব
এমবাপ্পের প্যারিস সফর থেকে ফেরার পর, রিয়াল আরেকটি মেডিক্যাল আপডেট প্রকাশ করে এবং গত ৩১ ডিসেম্বরের প্রতিবেদনই বহাল রাখে। ক্লাবটি জানায়, এমবাপ্পের সেরে ওঠার জন্য রক্ষণশীল চিকিৎসাপদ্ধতি অনুসরণ করা হবে। রিয়ালের অনুশীলনকেন্দ্রে কর্মরত একজন সূত্র জানান, এমবাপ্পে মাঝেমধ্যে সুস্থ বোধ করতেন, আবার কখনো তীব্র ব্যথায় ভুগতেন, যা তাঁকে চোট পাওয়ার পরও মাঠে রাখে।
চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে ২১ মিনিট খেলেন এমবাপ্পে। বর্তমানে তিনি ফিফা আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করছেন। সেখানে বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবেন, এরপর ২৯ মার্চ রাতে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবেন।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৩৪ ম্যাচে ৩৮ গোল করা এমবাপ্পে তাঁর চোট প্রসঙ্গে বলেন, ‘সব এখন পেছনে ফেলে এসেছি। আমি নিজেকে এমন এক নিয়মের মধ্যে রেখেছিলাম, যাতে ধীরে ধীরে ফিরতে পারি, খেলার জন্য ক্ষুধার্ত ছিলাম। আশা করছি, আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে অবদান রাখতে পারব।’ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি রোমাঞ্চিত এবং এটিকে বিশ্বকাপ প্রস্তুতির একটি ধাপ হিসেবে দেখছেন।



