চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় মিশ্র রাত ফেবারিট দলগুলোর
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে গতকাল রাতে মিশ্র ফলাফল দেখেছে ফুটবল বিশ্ব। লিভারপুল গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে, অন্যদিকে বার্সেলোনা নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তবে দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে, আর বায়ার্ন আতালান্তাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে।
লিভারপুলের জন্য কঠিন চ্যালেঞ্জ
প্রিমিয়ার লিগ শিরোপা হাতছাড়া হওয়া লিভারপুলের জন্য চ্যাম্পিয়নস লিগ এখন লাইফলাইন। কিন্তু শেষ ষোলো প্রথম লেগে গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে তারা কঠিন অবস্থানে পড়েছে। গতকাল রাতে তুর্কি লিগের শীর্ষে থাকা গালাতাসারাইয়ের হয়ে একমাত্র গোলটি করেন মারিও লেমিনা, সপ্তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে। দ্বিতীয়ার্ধে ভিক্টর ওসিমেনের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। আগামী সপ্তাহে অ্যানফিল্ডে ফিরতি লেগে গালাতাসারাইকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লিভারপুল। কোচ আর্নে স্লট বলেন, ‘এখানে খেলা কঠিন, আর ১-০ গোলে পিছিয়ে থাকলে কাজটা আরও কঠিন।’
বার্সেলোনাকে বাঁচালেন ইয়ামাল
সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে বার্সেলোনা ৮৬ মিনিটে হার্ভে বার্নেসের গোলে পিছিয়ে পড়ে। কিন্তু যোগ করা সময়ের ৬ মিনিটে লামিনে ইয়ামাল পেনাল্টি থেকে গোল করে দারুণ এক ড্র এনে দেন। নিউক্যাসলের মালিক থিয়াউ দানি ওলমোকে ফাউল করে পেনাল্টি দিলে ইয়ামাল স্পটকিক থেকে বল জালে জড়ান। ম্যাচজুড়ে নিষ্প্রভ ইয়ামালের এই গোলেই হার এড়ায় বার্সা। আগামী বুধবার ক্যাম্প ন্যুতে ন্যুনতম ব্যবধানে জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তারা। নিউক্যাসল কোচ এডি হাও বলেন, ‘আশা আছে, নিজেদের ওপর বিশ্বাস আছে, আজ আমরা সেটাই প্রমাণ করেছি।’
আতলেতিকোয় আলভারেজের জোড়া গোল
আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানোয় টটেনহামকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে দলটি। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো, এবং আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ জোড়া গোল করেন। মার্কোস লরেন্তে, আতোয়াঁন গ্রিজমান ও রবিন লে নরমান্দে একটি করে গোল করেন। তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে আলভারেজ বলেন, ‘জয় আর তিন গোলের লিডে আমি খুব আনন্দিত, কিন্তু এখনও ৯০ মিনিট বাকি। ওরা ভুল করেছে, আমরা সুযোগ নিতে জানি। চাপ তৈরি করে খেলেছি, তাই গোলের সুযোগ পেয়েছি।’
বায়ার্নের ‘সিক্স স্টার’ পারফরম্যান্স
বায়ার্ন মিউনিখও দারুণ ছন্দে আতালান্তাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। হ্যারি কেইন না খেললেও জার্মান চ্যাম্পিয়নদের কোনো সমস্যা হয়নি। মাইকেল ওলিসে জোড়া গোল করেন, জোসিপ স্টানিসিক, সের্হে নাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা একটি করে গোল করেন। এই জয়ে বায়ার্নের শেষ আটে যাওয়া অনেকটাই নিশ্চিত। কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমরা ঠিক এমন পারফরম্যান্সই চেয়েছিলাম। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ও বিপজ্জনক ছিলাম। প্রতিভা ও মানসম্পন্ন খেলোয়াড় আছে দলে, তাই ছেলেরা এভাবে খেললে অবাক হওয়ার কিছু নেই।’
