টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের ইতিহাস গড়ার সুযোগ
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নতুন ইতিহাস রচিত হতে পারে। শিরোপাধারী ভারত আজ রবিবার নিউজিল্যান্ডকে হারালেই প্রথম দল হিসেবে তৃতীয় শিরোপা ঘরে তুলবে। কিন্তু স্বাগতিকদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এমন এক দল, যারা সেমিফাইনালে অপরাজিত দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠে বড় চমক দেখিয়েছে। শেষ পর্যন্ত ভারত কি ইতিহাস গড়তে পারবে? ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জ
সেমিফাইনালে ফিন অ্যালেনের ৩৩ বলে রেকর্ড সেঞ্চুরির পর নিউজিল্যান্ডও বিশ্বাস করছে, এবার হয়তো তারা প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার যেমনটা ম্যাচের আগে বলেছেন, ‘যদি একইভাবে নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে আরেকটি শক্তিশালী দলকেও হারাতে পারি।’
এদিন ভারতকে খেলতে হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শকের প্রত্যাশার চাপ সামলে। বিশ্বের শীর্ষ র্যাঙ্কধারী টি–টোয়েন্টি দল ভারত এবার আরও একটি ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। আজ জিতলে ঘরের মাটিতে সেটা হবে প্রথমবার ট্রফি জয়ের নজির।
ভারতের চাপ ও প্রস্তুতি
ভারতের অধিনায়ক সূর্যকুমার অবশ্য সব চাপকে ইতিবাচকভাবে নিচ্ছেন, ‘ভারতে খেলতে নামলে এবং শিরোপার জন্য লড়াই করলে অবশ্যই চাপ থাকবে। তবে আমাদের খেলোয়াড়রা এবং পুরো সাপোর্ট স্টাফ দারুণ উচ্ছ্বসিত।’
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কার্যত তিনটি নকআউট ম্যাচ জিতেই ফাইনালে পৌঁছেছে ভারত। জিম্বাবুয়েকে ৭২ রানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।
শেষ চারে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেথ ওভারের বোলিং বিশেষজ্ঞ জসপ্রীত বুমরা। ইনিংসের ১৮তম ওভারে তিনি মাত্র ছয় রান দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন। জ্যাকব বেথেলের ১০৫ রানের ইনিংস সত্ত্বেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারত।
ভারতের শক্তি ও দুশ্চিন্তা
ফাইনালেও বুমরা এক্স ফ্যাক্টর বড় ভূমিকা রাখবে। তবে ভারতের দুশ্চিন্তার জায়গা ওপেনার অভিষেক শর্মা ও প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম। টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুজন শীর্ষে থাকলেও টুর্নামেন্টের শেষ দিকে এসে তারা ছন্দহীন। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হন অভিষেক। তার একমাত্র উল্লেখযোগ্য ইনিংস ছিল জিম্বাবুয়ের বিপক্ষে একটি অর্ধশতক। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের ব্যাটাররা বরুণ চক্রবর্তীকে আক্রমণাত্মকভাবে খেলেছেন। চার ওভারে দিয়েছেন ৬৪ রান। গ্রুপ পর্বের পর থেকে তার ঝুলিতে আছে মাত্র চারটি উইকেট।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ও মনোভাব
অন্যদিকে, টুর্নামেন্টে ওঠানামার মাঝে ছিল নিউজিল্যান্ডের পারফরম্যান্স। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে হারলেও গুরুত্বপূর্ণ সময়ে তাদের খেলোয়াড়রা ফর্মে ফিরেছেন।
ভারতকে চমকে দেওয়ার মতো যথেষ্ট শক্তিও রয়েছে তাদের দলে। সবচেয়ে বড় কথা, ফাইনালে তারা নামছে কোনও চাপ ছাড়া। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারও সেটা মানছেন। নিজেদের ফেভারিট অবস্থানে দেখছেন না বলেই ভারতের হৃদয় ভাঙার হুঙ্কার দিয়ে রাখলেন তিনি, ‘এটা অবশ্যই কঠিন চ্যালেঞ্জ হবে। সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই। তবে ট্রফি জিততে গিয়ে কয়েকটা হৃদয় ভাঙতে আমার আপত্তি নেই।’
