পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা নিয়ে মোহাম্মদ আমিরের তীব্র প্রতিক্রিয়া
পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা নিয়ে আমিরের প্রতিক্রিয়া

পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা নিয়ে মোহাম্মদ আমিরের তীব্র প্রতিক্রিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। তবে পিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

শহিদ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের মন্তব্য

এই জরিমানার কথা শুনে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এক অনুষ্ঠানে জানান, জরিমানাটা খুব কম হয়েছে। এবার এই ইস্যুতে কথা বলেছেন মোহাম্মদ আমির। তিনি বলেছেন, ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত।

মোহাম্মদ আমির বলেন, ‘জরিমানাই যদি সবকিছুর সমাধান হয় তাহলে সেটা নির্বাচক থেকে শুরু করে প্রশাসন–সবার ওপর প্রয়োগ করুন। খেলোয়াড়দের তো আর বন্দুক ধরে মাঠে নামানো হয়নি। ভুল কম্বিনেশনের জন্য নির্বাচকদেরও জবাবদিহি করতে হবে। তাদের জরিমানা দ্বিগুণ করুন। খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো বন্ধ করুন। এটাই আসল সমাধান নয়। সব সময় খেলোয়াড়দেরই কেন ভুগতে হবে?’

ব্যর্থতার জন্য নির্বাচকদের দায়

আমিরের মতে, ব্যর্থতার জন্য ক্রিকেটারদের চাইতে নির্বাচকদের দায় বেশি। তিনি বলেন, ‘সঠিক দলই যদি বাছাই করতে না পারেন তাহলে যারা এই দায়িত্বে আছে এবং পরিকল্পনা করেছে তাদের জবাবদিহি করতে হবে। ফখর জামান মাত্র দুই ম্যাচ খেলেছে। তাকে কি জরিমানা করবেন? সাহিবজাদা ফারহানকেও কি জরিমানা করা হবে?’

ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগের পরামর্শ

জরিমানার পথে না হেঁটে তাই ঘরোয়া ক্রিকেটে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিলেন আমির। তিনি বলেন, ‘জরিমানা সমাধান হতে পারে না। আমি প্রথম দিন থেকেই বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় ওঠে আসবে। কারও ওপর রাগ থাকলে জরিমানা করবেন না, দল থেকে বাদ দিন। এরপর তাকে টানা দুই বছর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করতে। দল থেকে বাদ পড়ার মতো বড় শাস্তি একজন খেলোয়াড়ের জন্য আর কিছু হতে পারে না।’

বিশ্বকাপ থেকে বিদায়ের কারণ

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। কারণ নিউজিল্যান্ড থেকে পাকিস্তানের রান রেট কম ছিল। এই ব্যর্থতাই জরিমানার পিছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে এই ইস্যু নিয়ে বিতর্ক চলছে এবং অনেকেই আমিরের মতামতকে সমর্থন করছেন।